‘হঠাৎ দৃষ্টিশক্তি কমতে থাকে…এভাবেই চলতে…’, ভয়ংকর বিপদের কথা জানালেন অভিনেতা কাঞ্চন মল্লিক

অভিনেতা কাঞ্চন মল্লিক

বিনোদন দুনিয়ার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। আচমকাই তার জীবনে নেমে এলো বিপত্তি। হঠাৎ দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন অভিনেতা। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। এমনকি এক চিকিৎসকে ‘একজন নতুন আলো, এক নতুন সূর্য’ বলে করলেন অভিহিত।

কি হয়েছে অভিনেতার? শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক চিকিৎসকের সাথে ছবি পোস্ট করে কাঞ্চন মল্লিক জানালেন যে, “এই ছবিতে যাঁর পাশে আমি দাঁড়িয়ে রয়েছি তিনি হলেন দিশা আই হসপিটালের ডঃ সমর কুমার বসাক। ছবিটা দিলাম এই কারণেই কারণ আমার ক্লাস ওয়ানেরও আগে থেকে চোখে চশমা। ডান চোখে সাংঘাতিক মাইনাস পাওয়ার — ডান চোখে মাইনাস ৮, বাম চোখে মাইনাস ৩। ধীরে ধীরে যখন আমার ডানচোখের দৃষ্টিশক্তি কমতে থাকে আমি বিভিন্ন ডাক্তার দেখানো শুরু করি। একটা পর্যায় ডাক্তার আমায় বলেন যে ডান চোখে প্রপার দেওয়া হলে সেটা হবে মাইনাস ১৮ ! যেটা সারানো একেবারেই অসম্ভব। এভাবেই চলতে হবে সারা জীবন।”

অভিনেতা আরও লিখলেন, “পরবর্তীকালে শ্রীময়ীর পরামর্শে আমি পৌঁছে গেলাম দিশা আই হসপিটালে। সেখানে ডঃ সমর কুমার বসাক আমায় আশ্বস্ত করেন যে লেজার অপারেশনের মাধ্যমে আমি আমার ডান চোখের দৃষ্টি আমি ফিরে পাবো।এবং সেই অপারেশন সফল হল। আমি সত্যিই আমার ডান চোখের দৃষ্টি ফিরে পেলাম । ডঃ সমর কুমার বসাক আমার জীবনে শুধুমাত্র একজন ডাক্তার নয়, তিনি আমার জীবনের এক নতুন সূর্য , যিনি আমাকে এই পৃথিবীটাকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছেন। লেজার অপারেশনের পরে এখন আমার ডানচোখে কোনো পাওয়ারই নেই, বাম চোখে মাইনাস ১ মাত্র। চশমাটি শুধুমাত্র এখন একটা অপশন মাত্র । দরকারে পড়লেও পড়তে পারি। আমি ভাবতেও পারিনি চল্লিশ বছরের উপর যেটিকে নাকের উপর বহন করেছি সেটা একটিমাত্র অপারেশনে পালটে যাবে। ডঃ হাতের যাদুতে এবং দিশা আই হসপিটালের তত্ত্বাবধানে চারদিকের আকাশটাকে এরকম পরিস্কারভাবে দেখতে পাব আমি সত্যিই কোনোদিন ভাবিনি। অপারেশনের পরে যখন প্রথম আমি চারপাশে তাকিয়ে দেখেছি তখন ওই গানটাই মনে পড়েছে, “এই এত আলো, এত আকাশ আগে দেখিনি। কই চোখে পড়েনি…”।