
টেলিপাড়ায় ফের খুশির খবর! মা হতে চলেছেন টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সুখবর ভাগ করে নিলেন অভিনেত্রী। ২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। বিয়ের চারবছর পরে মা হচ্ছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য।
সুসংবাদ প্রকাশ্যে আসতেই রোশনিকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের অনেকেই। রোশনি এবং তাঁর পরিবারের নতুন সদস্যকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন। এই মুহুর্তে কলকাতার বাইরে রয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই বেড়াতে গিয়েছেন তিনি। সমুদ্রসৈকত থেকেই স্বামী তুর্য সেনের সঙ্গে মিষ্টি মুহূর্ত ফ্রেমবন্দি করে জানালেন দুই থেকে তিন হওয়ার খবর।
রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিশেষ ভিডিও পোস্ট করেন রোশনি। ভিডিওর এক বিশেষ মুহূর্তে তুর্য্য সেন-কে হাঁটু গেড়ে বসে রোশনির বেবিবাম্পে চুমু খেতে দেখা যায়। সেই সময় স্ক্রিনে ভেসে ওঠে ‘উই আর থ্রি’, অর্থাৎ তাদের পরিবারে নতুন সদস্য আসছে।
একটা সময় চুটিয়ে ছোটপর্দায় কাজ করেছেন রোশনি। মাঝে ধারাবাহিক থেকে বিরতি নিয়ে বড়পর্দায় মন দিয়েছিলেন। বহুদিন পরে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে ফিরেছিলেন। যদিও সেই ধারাবাহিক মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। তার পরে কাজে ফেরেননি রোশনি। আপাতত অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রী বেশ কিছুদিন বিশ্রামেই থাকবেন বলে মনে হয়।

View this post on Instagram
