
শুটিং ফ্লোরে দুর্ঘটনার কবলে একের পর এক টলি অভিনেতা। এবার বড়সর বিপদের মুখে আরও এক অভিনেতা। গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি শুভ্রজিৎ সাহা। এই মুহূর্তে দর্শক তাঁকে দেখছেন স্টার জলসার ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’তে। সেই ধারাবাহিকের ফ্লোরেই ঘটে এই অঘটন। ঠিক কী হয়েছিল শুটিং সেটে?
এই প্রসঙ্গে শুভ্রজিৎ বলেন, “সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ঘড়ির বেল্টটা ঠিক করছিলাম। আর বেখেয়ালে পিছলে যায় পা। পুরো দুটো সিঁড়ি স্লিপ করে পড়ে যাই। পায়ে বিভৎস চোট লাগে। সঙ্গে সঙ্গে পা ফুলে যায়। তখন এত বাড়াবাড়ি হয়েছে, বুঝিনি। প্রোডাকশন থেকেই আমায় ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিং করে ছেড়ে দেয়। ফিরে এসে শুটিংও করি। তারপর ব্যাথা আরও বাড়তে থাকে। তখন প্রিয়াঙ্কা (স্ত্রী) কে কল করি। ও আসলে আবার হাসপাতালে যাই। এক্সরে হয়, তখন দেখা যায় ডান পায়ের লিগামেন্ট ৬০ শতাংশ ছিঁড়ে গিয়েছে। আসলে পড়ে যাওয়ার সময় শরীরের পুরো ভারটাই পায়ের গোড়ালির উপর পড়েছিল তো।”
শুভ্রজিৎ আরও বলেন, “ধারাবাহিকে কাজ করছি যেহেতু, তাই হুট করে তো অফ করতে পারব না। ডাক্তার তো বলেছেন চার-পাঁচদিন পুরো বেডরেস্ট। না হলে ঠিক হতে নাকি আরও বেশি সময় লাগবে। আমি সেটা করতে পারব না। তাই ঠিক করেছি একদিন ছাড়া ছাড়া শুটিং করব। একটা বিষয় ভাল হল যে, গল্পেও আমার চরিত্র রাহুলের পায়ে চোট লেগেছে। বাস্তবেও তাই হল বলে হুইলচেয়ারেই বসে শুটিং করব। নয়তো আমার জন্য চিত্রনাট্যে আবার বদল আনতে হত।” এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কাটিয়ে সুস্থ হয়ে উঠুক শুভজিৎ, এটাই একমাত্র প্রার্থনা ভক্তদের।

