
নব্বইয়ের দশক থেকে অভিনয় জগতের সঙ্গে যুক্ত প্রবীণ অভিনেতা চণ্ডীদাস কুমার। দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে সিনেমা থেকে টেলিভিশন—দুই মাধ্যমেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। সেই সময় অভিনয়ের পাশাপাশি নিজের চাকরিও সামলেছেন অভিনেতা।
‘কে আপন কে পর’, ‘সাহেবের চিঠি’, ‘উমা’, ‘রোজা’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দাদুর চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন চণ্ডীদাস কুমার। বয়স বাড়লেও তাঁর অভিনয়ের প্রতি ভালোবাসা কখনও কমেনি। তবে ২০২৩ সালের অক্টোবর মাসে ‘রামকৃষ্ণ’ ধারাবাহিকে কাজ করার সময় তাঁর জীবনে আসে কঠিন অধ্যায়। আর ঠিক সেই কারনেই বহুদিন পর্দায় দেখা মেলেনি বর্ষীয়ান অভিনেতার। ঠিক কী কারণে নিয়েছিলেন এতদিনের বিরতি তা নিজেই জানালেন অভিনেতা।
ধারাবাহিকের শুটিংয়ের মাঝেই জানতে পারেন মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। সেই সময় বাধ্য হয়েই শুটিং ছাড়েন। বয়সের কারণে কেমোথেরাপি করা সম্ভব না হলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা চলে অভিনেতার।
চিকিৎসার কারণে কিছু সময় অভিনয় থেকে দূরে থাকতে হলেও বর্তমানে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন প্রবীণ অভিনেতা। নিয়মিত ওষুধ এবং স্বাস্থ্য পরীক্ষা চলছে বলেও জানা যায়। এর মাঝে একাধিক ধারাবাহিকের প্রস্তাব এলেও শারীরিক অসুস্থতার কারণে করতে পারেননি তিনি। ৮৫ বছর বয়সে এসেও পরিবারের ভালোবাসা, চিকিৎসা এবং নিজের মনের জোরকে সঙ্গী করে এগিয়ে চলেছেন চণ্ডীদাস কুমার।
একটা সময় ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছে থাকলেও পারিবারিক কারণে তা হয়ে ওঠেনি, সে আক্ষেপ সারাজীবন থেকে যাবে বলেও জানালেন এই অভিনেতা। তবে অভিনয়ের মাধ্যমে দর্শকের যে ভালবাসা পেয়েছেন, সেটাই তাঁর জীবনের বড় প্রাপ্তি বলে বিশ্বাস করেন প্রবীণ অভিনেতা।
