সৌরভের বায়োপিকে দাদা স্নেহাশিসের চরিত্রে থাকছেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেতা

 রাহুল দেব বসু

সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে ইতিমধ্যেই দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। আগেই জানা গিয়েছিল সৌরভের চরিত্রে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে। আর রাজকুমারের বিপরীতে ডোনা গাঙ্গুলির চরিত্রে থাকবেন অভিনেত্রী তানিয়া মানিকতলা। এবার খবর, সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলির চরিত্রে দেখা যাবে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতাকে। কে সেই টলি অভিনেতা?

জানা যাচ্ছে, এই চরিত্রের জন্য নির্মাতারা বেছে নিয়েছেন অভিনেতা রাহুল দেব বসুকে। ইতিমধ্যেই মুম্বইয়ে শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি। রাহুল দেব বসুর এই চরিত্রটি তাঁর কেরিয়ারের বড় মোড় হতে চলেছে তা বলাই যায়। যদিও এটাই রাহুলের প্রথম হিন্দি কাজ নয়। রাহুলকে এর আগে নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজে দেখা গিয়েছে।

সৌরভের বায়োপিকের নাম রাখা হয়েছে ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’। জানা গিয়েছে এই ছবিতে একাধিক বাঙালি অভিনেতা, অভিনেত্রীকে দেখা যাবে। সৌরভ গাঙ্গুলির মায়ের চরিত্রে দেখা যেতে চলেছে অপরাজিতা আঢ্যকে। সৌরভের বাবা, চণ্ডি গাঙ্গুলির চরিত্রে বোমান ইরানিকে দেখা যাবে।