‘দিদি তোমার বর কি তোমাকে খেতে দেয় না?… দেবশ্রীর অপমান আজও ভুলিনি…’, দেবশ্রীকে নিয়ে মুখ খুললেন অনামিকা সাহা

অনামিকা সাহা

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় দাপুটে খলনায়িকা অনামিকা সাহা। একটা সময় দুর্ধর্ষ চরিত্রের জন্য দর্শকমহলে ব্যপক জনপ্রিয়তা পেলেও কম সমালোচনার মুখে পড়তে হয়নি অভিনেত্রীকে। এমনকি জনপ্রিয় নায়িকা দেবশ্রী রায়ের থেকেও শুনতে হয়েছে নানা কটু কথা। সম্প্রতি এক পডকাস্টে বাংলাদেশি ছবিতে কাজ করার সময়কার একটি ঘটনা জানালেন বর্ষীয়ান অভিনেত্রী।

বাংলাদেশে কালজয়ী সিনেমা ‘বেদের মেয়ে জ্যোৎস্না’য় অভিনয় করেছিলেন অনামিকা। ওপার বাংলায় এই ছবি বিপুল সাফল্য পাওয়ার পর একই শিরোনামে কলকাতাতেও ছবি তৈরি হয়েছিল। সেই ছবিতে অভিনয়ের মাধ্যমে দীর্ঘ সাড়ে ছয় বছর পর ফের বড় পর্দায় দেখা যায় অনামিকা সাহাকে।

বাংলাদেশি ছবিতে কাজ করার সময় শোনা একটি মন্তব্যের কথাও জানিয়েছেন অনামিকা। অনামিকার দাবি, তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় তাঁকে বলেছিলেন, ‘দিদি তোমাকে কি বর খেতে দেয় না, কী সব বাংলাদেশের সিনেমা যাত্রাপালার মতো, তাতে তুমি অভিনয় করছ’। এদিকে প্রযোজক এই ছবি থেকে এত বস্তা বস্তা টাকা রোজগার করল যে আর ছবিই করল না।’

অভিনেত্রীর মন্তব্য সামনে আসার পর থেকেই তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কারণ, এই বক্তব্যে বাংলাদেশের ছবিতে কাজ করা এবং সেই সময়কার অভিনয়কে ঘিরে এক ধরনের কটাক্ষের ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন অনেকে।