ফের মুখ বদল! মাঝপথেই ‘কনে দেখা আলো’ ছাড়লেন নন্দিনী, ‘বনলতা’ চরিত্রে আসতে চলেছে টেলিপাড়ার এই জনপ্রিয় নায়িকা

নন্দিনী দত্ত

ধারাবাহিক ‘কনে দেখা আলো’-কে ঘিরে টেলিপাড়ায় নতুন জল্পনা। জনপ্রিয় মেগা ধারাবাহিক থেকে আচমকাই সরে দাঁড়ালেন অভিনেত্রী নন্দিনী দত্ত। প্রায় এক বছর ধরে ‘বনলতা’ চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ‘বনলতা’র চরিত্রের কয়েকটি ঝলক ভাগ করে নন্দিনী লেখেন, ‘খুব ভাল অভিজ্ঞতা, পুরো টিমের জন্য শুভেচ্ছা রইল।’ এর মধ্যেই খবর বনলতার চরিত্রে আসছেন অন্য অভিনেত্রী।

নন্দিনীর বিদায়ের পর এখন প্রশ্ন উঠেছে— ‘কনে দেখা আলো’য় এবার ‘বনলতা’র চরিত্রে দেখা যাবে কাকে? নেটপাড়ায় একাধিক জনপ্রিয় অভিনেত্রীর নাম নিয়ে জোর চর্চা শুরু হলেও, শোনা যাচ্ছে নন্দিনীর জায়গায় বনলতা হচ্ছেন সৌমিলি চক্রবর্তী। এর আগে দর্শক তাঁকে দেখেছিলেন স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য়। এরপর সেভাবে ছোটপর্দায় আর দেখা যায়নি তাঁকে। এবার ‘বনলতা’র চরিত্রে ‘কনে দেখা আলো’য় এন্ট্রি নিচ্ছেন সৌমিলি।

কিন্তু হঠাৎ কেন ধারাবাহিক থেকে সরছেন নন্দিনী? নন্দিনীর কথায়, “এক বছর ধরে ধারাবাহিকটায় অভিনয় করছি। তাই ভাবলাম আমার চরিত্রটায় আর কিছু দেওয়ার নেই। এবার অন্যভাবে নিজেকে এক্সপ্লোর করতে চাই। কোনও ব্যক্তিগত কারণ নেই।”

নন্দিনীর জায়গায় অভিনয় নিয়ে সৌমিলি জানান, ‘গোটা বিষয়টাকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। একজন ইতিমধ্যেই এই চরিত্রটাকে পর্দায় জীবন্ত করে তুলেছে। আমি এখন আমার মতো করে চেষ্টা করব।’

নন্দিনী দত্ত