একে অপরকে আনফলো! এবার বিচ্ছেদের পথে হাঁটছেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় তারকা জুটি

দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে তৈরি হয়েছিল ভালোবাসার সম্পর্ক। একসময় টলিপাড়ার চর্চিত জুটি হয়ে উঠেছিলেন তিয়াসা লেপচা এবং সোহেল দত্ত। নিজেদের সম্পর্ক নিয়ে খুব বেশি রাখঢাক না রেখে, একে অপরের প্রতি ভালোবাসার কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন দুজনেই। অনুরাগীরাও তাঁদের সম্পর্ককে বেশ পছন্দ করেছিলেন।

২০২৩ সালে সোহেলের সঙ্গে প্রেমের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের নিয়ে শুরু হয় নানা আলোচনা। একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে জন্মদিন কিংবা বিশেষ কোনও মুহূর্ত – সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে ছবি পোস্ট করতেও দেখা যেত তাঁদের। তবে সম্পর্কের পথে যে সবসময় সবকিছু মসৃণ ছিল, তা নয়। মাঝেমধ্যেই তাঁদের মধ্যে মনোমালিন্যের খবর সামনে এসেছে।

একসময় সেই দূরত্ব নিজেরাই মিটিয়ে নিয়েছিলেন তিয়াসা এবং সোহেল। ফের একসঙ্গে দেখা যেতে শুরু করে দুজনকে।  এমনকি গত অগস্টে তিয়াসার জন্মদিনও বেশ ধুমধাম করে পালন করতে দেখা গিয়েছিল সোহেলকে। ফলে অনুরাগীদের অনেকেই মনে করেছিলেন, এবার হয়তো তাঁদের সম্পর্ক আরও একধাপ এগোতে চলেছে।

 জনপ্রিয় তারকা জুটি

সম্পর্ক ঠিক হওয়ার পর থেকেই তাঁদের বিয়ে নিয়েও জল্পনা শুরু হয়েছিল। কবে চার হাত এক হবে, সেই প্রশ্নও উঠেছে বারবার। যদিও বিয়ের প্রসঙ্গ উঠলেই বরাবরই নানা কৌশলে সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন দুজনেই। কিন্তু সম্প্রতি তাঁদের সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পরিবর্তন নজরে এসেছে, যা ফের নতুন করে জল্পনা তৈরি করেছে।

দুজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখলেই চোখে পড়ছে, একে অপরকে আনফলো করেছেন তারা। শুধু তাই নয়, একসঙ্গে কাটানো মুহূর্তের ছবিও কোনও নেই তাঁদের প্রোফাইলে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ফের সম্পর্কে চিড় ধরেছে এই তারকা জুটির? নাকি আগের মতোই সাময়িক কোনও ভুল বোঝাবুঝির কারণেই তৈরি হয়েছে এই দূরত্ব?