
মাতৃত্বের অনুভূতি পাওয়ার জন্য বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন সুস্মিতা, অবশেষে সেই স্বপ্ন হয়েছে পূরণ। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। বিগত ৭ বছরের দীর্ঘ লড়াইয়ের পর মা হলেন সুস্মিতা। বিয়ের সাড়ে তিন মাসেই বাচ্চা এই নিয়ে এতদিন বহু জল্পনা হলেও এতদিন কেন লুকিয়ে রেখেছিলেন প্রেগন্যান্সির খবর? সেটাই প্রকাশ্যে ফাঁস করলেন সুস্মিতা।
সুস্মিতা স্পষ্ট করে বলেন, ‘আমি প্রেগন্যান্ট ছিলাম কি ছিলাম না, বিয়ে কখন হয়েছে, এটা আমার কাছে কোনও ম্যাটার করে না। মাতৃত্ব আর বিয়ে আমার কাছে পুরোপুরি সম্পূর্ণ আলাদা৷ অনেকেই আমাকে বহুবার বলেছে, তুমি কি মা হতে চলেছ? কিন্তু এটা গোপন রাখার একটাই মাত্র কারণ, যেহেতু আমার একটা পুরনো হিস্ট্রি আছে, সেই সময় আমি চাইনি পুরনো যা কিছু ঘটেছে আমার সঙ্গে ঘটেছে তার পুনরাবৃত্তি হোক। আমি এবার মেয়ে চাইনি। আগের বার আমার সন্তানকে বাঁচানো যায়নি। তাই এবার ছেলে চেয়েছিলাম। আমার বর চেয়েছিল মেয়ে। কিন্তু যাই হোক। আপনারা আশীর্বাদ করবেন।’
অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে একাধিকবার নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সুস্মিতাকে৷ কিন্তু প্রতিবারই হাসিমুখে এড়িয়ে গিয়েছেন তিনি৷ তবে এবার সমস্ত জল্পনা-বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতাল থেকে একরত্তির ছবি শেয়ার করে মা হওয়ার সুখবর দিয়েছেন সুস্মিতা রায়।
হাসপাতাল থেকে বাড়ি ফিরেই উন্মুক্ত বেবিবাম্পের ছবি দিয়ে অভিনেত্রী জানালেন, তাঁদের কোলে এসেছে পুত্র সন্তান। শুধু তাই নয়, ছেলের নামও জানিয়েছেন সুস্মিতা৷ সাদা কালো বেবিবাম্পের ছবির উপরে লেখা ‘sido’৷ ক্যাপশনে লিখেছেন-‘আমাদের ছোট্ট পুত্রসন্তান, “Sido” তোমাকে বুকে নিয়ে বুঝলাম, সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। তুমি এসেছ বলেই আজ আমার পৃথিবীটা সম্পূর্ণ। আমাদের ছোট্ট রাজপুত্রের জন্য সবাই আশীর্বাদ করবেন। সুস্থ থাকুক, ভাল মানুষ হয়ে উঠুক—এটাই আমাদের একমাত্র প্রার্থনা।’
