‘মেনে নিতে পারছি না তুমি আর নেই… বড় ক্ষতি হয়ে গেল আমাদের…’, আচমকাই প্রিয় মানুষকে হারিয়ে শোকাহত সুদীপ্তা চক্রবর্তী 

স্বাগত দে

বাংলা লোকসংগীত জগতে আরও এক অপূরণীয় ক্ষতি। অসময়ে চলে গেলেন প্রবাদপ্রতিম গায়ক। ‘ময়না ছলাৎ ছলাৎ’ কিংবা ‘সোনা বন্ধু রে’ গেয়ে যে মানুষটা বছরের পর বছর ধরে বাঙালিকে মাটির গানের টানে ভাসিয়েছেন, সেই জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে আর নেই। তাঁর এই হঠাৎ চলে যাওয়ায় বাংলা সঙ্গীত জগতে শোকের আবহ। মাটির গানের এমন একজন দরদী মানুষ হারিয়ে স্তব্ধ অগণিত অনুরাগী। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল মাত্র ৫০ বছর।

বেশ কিছু দিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন স্বাগত দে। পরিবার সূত্রের খবর, কিছুদিন আগে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। সেই সময় হাসপাতালের চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হল না। দু’দিন আগে ফের পরপর দুটি স্ট্রোক হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। অবশেষে বুধবার চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরঘুমের দেশে পাড়ি দিলেন গায়ক।

শিল্পী স্বাগত দে-র প্রয়াণের খবরটি সমাজমাধ্যমে নিশ্চিত করেন গায়িকা জোজো। তিনি লেখেন, ‘তারাদের দেশে ভালো থেকে স্বাগত দা। ওম শান্তি।’ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী শোকপ্রকাশ করে লেখেন, ‘স্বাগত দা … গায়ক স্বাগত দে… আর নেই। কেমন যেন হয়ে গেলাম খবর টা পেয়ে..! ছোটবেলাটা ফিরে এলো… Flash Back এর মত।’ প্রখ্যাত লোকসংগীত শিল্পী দেব চৌধুরী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘ও তো আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বড় ক্ষতি হয়ে গেল আমাদের।’

মাটির গানকে ভালোবেসে যিনি মানুষের অন্তরে নিজের জায়গা পাকা করেছিলেন, সেই স্বাগত দে আজ না থাকলেও, তাঁর সুমিষ্ট সুরের স্মৃতি বাঙালি হৃদয়ে সারাজীবন অমলিন থাকবে।

স্বাগত দে

স্বাগত দে