
সম্প্রতি অনুষ্ঠিত টেলি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ‘গৃহপ্রবেশ’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পান শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানের রেড কার্পেটে নীল শাড়িতে গ্ল্যামারাস লুকে তাক লাগিয়েছিলেন রাজ-ঘরণী। কিন্তু পুরস্কার হাতে মঞ্চে উঠতেই ঘটে গেল এক চরম বিপত্তি, যা নিয়ে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।
পুরস্কার জেতার পর মঞ্চে দাঁড়িয়ে ছবির পরিচালক এবং বাকি সহ-অভিনেতাদের ধন্যবাদ জানালেও, ছবির অন্যতম প্রধান মুখ তথা অভিনেতা জীতু কমল এর নাম নিতে ‘বেমালুম’ ভুলে গেলেন শুভশ্রী। আর এতেই চটে লাল জীতুর ভক্তরা। অথচ শুভশ্রীর পর এই ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটিই ছিল জীতুর।
ট্রফি হাতে শুভশ্রী বলেন, ‘যাঁকে এই অ্যাওয়ার্ডটা উৎসর্গ করতে চাই, তিনি হলেন আমাদের পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইন্দ্রদীপদা এই ছবিটার জন্য আমার জন্য দীর্ঘ ২ বছর অপেক্ষা করেছিলেন। ‘গৃহপ্রবেশ’-এর সঙ্গে জড়িত প্রত্যেকে, রুডি (রুদ্রনীল ঘোষ) সামনে বসে আছে, কৌশিকদা (গঙ্গোপাধ্যায়), সোহিনীদি (সেনগুপ্ত)… হয়তো অনেকের নাম আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, তাঁদের সকলকে আমার ধন্যবাদ।
শুভশ্রীর এই বক্তব্যের ভিডিও সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন জীতু কমলের অনুগামীরা। তাঁদের অভিযোগ, ছবিতে জীতুর মতো একজন গুরুত্বপূর্ণ অভিনেতার নাম শুভশ্রী ইচ্ছা করেই এড়িয়ে গেছেন।
সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর উদ্দেশ্য়ে জীতুর ভক্তরা ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘আর কতটা নিচে নামবেন মিসেস চক্রবর্তী? জীতু কমল এই ছবির প্রধান স্তম্ভ ছিলেন, অথচ ওঁর নামটা মুখে আনতেও আপনার এত অহংকার?’
