
একটা সময় ছিল যখন বাংলা টেলিভিশনের ধারাবাহিক মানেই ছিল দর্শকদের কাছে এক আলাদা আবেগ। গল্পের অভিনবত্ব, শিল্পীদের সাবলীল অভিনয় এবং চরিত্রগুলির মধ্যে সুন্দর রসায়ন দর্শকদের টিভির পর্দায় আটকে রাখত। সেই সময়ের একাধিক ধারাবাহিক আজও দর্শকদের স্মৃতিতে উজ্জ্বল। তেমনই একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল জি বাংলার ‘বয়েই গেল’। সম্প্রচারের সময় এই কমেডি ধারাবাহিকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। বিশেষ করে ধারাবাহিকের হাস্যরস এবং মুখ্য চরিত্রগুলির অভিনয় নজর কেড়েছিল সকলের।
ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র অর্জুন ও কৃষ্ণার ভূমিকায় অভিনয় করেছিলেন রোহিত সামন্ত এবং বাসবদত্তা চ্যাটার্জি। পর্দায় তাঁদের জুটি দর্শকদের বেশ পছন্দের ছিল। আজও অনেক দর্শক এই জুটিকে মনে রেখেছেন। তবে ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে ছোটপর্দায় এই দুই অভিনেতা-অভিনেত্রীকে আগের মতো নিয়মিত দেখা যায়নি।
অভিনেতা রোহিত সামন্ত অবশ্য পরবর্তীকালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’-তে অভিনয় করেছিলেন। সেখানে শ্রীময়ীর ছেলে জাম্বোর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। একেবারে ভিন্ন ধরনের নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেতা। কিন্তু ‘শ্রীময়ী’-র পর আর কোনও ধারাবাহিকে সেভাবে দেখা যায়নি তাঁকে। ফলে অনেকের মনেই প্রশ্ন, অভিনয় জগৎ থেকে কি তবে দূরে সরে গেলেন রোহিত?
আসলে অভিনয়ের পাশাপাশি জীবনের অন্য এক অধ্যায় শুরু করেছেন অভিনেতা। শোনা যায়, ‘শ্রীময়ী’ ধারাবাহিকে অভিনয় করার সময় থেকেই প্রযোজনার কাজে যুক্ত হন তিনি। শুধু তাই নয়, স্টার জলসার ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন রোহিত। তাঁর প্রযোজনা সংস্থার নাম মিসিং ক্রুজ। পাশাপাশি এসভিএফ-এর বিভিন্ন ওয়েব সিরিজের প্রযোজনার কাজেও যুক্ত রয়েছেন তিনি।
অর্থাৎ ক্যামেরার সামনে অভিনয় না করলেও বিনোদন জগতের সঙ্গেই রয়েছেন অভিনেতা। বর্তমানে প্রযোজনার কাজ নিয়েই বেশ ব্যস্ত তিনি। তবে ভবিষ্যতে আবারও ছোটপর্দায় অভিনয়ে ফিরবেন কি না, সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট খবর মেলেনি। পুরনো ধারাবাহিকের দর্শকদের অবশ্য আজও অপেক্ষা, ফের কবে পর্দায় দেখা যাবে তাঁদের প্রিয় অর্জুনকে!
