টানা ১৪ ঘন্টা শুটিং! “আর সম্ভব হচ্ছে না…বাধ্য হয়েই মাঝপথে ছাড়তে হল…”, আচমকাই বড় সিদ্ধান্ত নিলেন আরাত্রিকা মাইতি

আরাত্রিকা মাইতি

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। ‘খেলনা বাড়ি’ থেকে শুরু করে ‘মিঠিঝোরা’র মতো একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে ‘জোয়ারভাটা’ ধারাবাহিকে উজি চরিত্রে অভিনয় করেই দর্শকদের নজর কাড়ছেন অভিনেত্রী। তবে শুধু অভিনয় নয়, পড়াশোনার প্রতিও বরাবরই সমান আগ্রহ রয়েছে তাঁর।

ঝাড়গ্রাম থেকে কলকাতায় এসে অভিনয়ের জগতে নিজের পরিচিতি তৈরি করা মোটেও সহজ ছিল না আরাত্রিকার কাছে। তার উপর শুটিংয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করে গিয়েছেন তিনি। কিন্তু দিনের পর দিন দীর্ঘ সময় ধরে শুটিংয়ের চাপ সামলাতে গিয়ে শেষ পর্যন্ত তাঁর শিক্ষাজীবনেই কিছুটা ছেদ পড়ে।

প্রথমে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের বিষয় ড্রামা নিয়ে অনার্সে ভর্তি হয়েছিলেন আরাত্রিকা। কিন্তু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের দায়িত্ব সামলাতে গিয়ে নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। প্রতিদিন প্রায় ১২-১৪ ঘণ্টা শুটিংয়ের ব্যস্ততার কারণে প্রয়োজনীয় ৭৫ শতাংশ উপস্থিতিও বজায় রাখতে পারেননি তিনি। ফলে বাধ্য হয়েই মাঝপথে সেই কোর্স ছেড়ে দিতে হয় অভিনেত্রীকে।

তবে পড়াশোনার স্বপ্ন থেকে সরে আসেননি আরাত্রিকা। নতুন করে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করার লক্ষ্যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছেন তিনি। এখন শুটিংয়ের ব্যস্ততার মাঝেই চলছে কলেজের পড়াশোনা। কখনও মেকআপ রুমে বসে ক্লাস করা, আবার কখনও শুটিংয়ের ফাঁকে নোটস তৈরি— এভাবেই অভিনয় এবং পড়াশোনার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন অভিনেত্রী।

নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে আরাত্রিকা জানিয়েছেন, ড্রামার মতো বিষয়ে প্র্যাকটিক্যাল ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত উপস্থিতি বজায় রাখা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। একটা বছর নষ্ট হওয়ায় মন খারাপ হলেও বাস্তব পরিস্থিতি মেনে নিয়েছেন তিনি। তবে এবার আর কোনও বাধার কাছে হার মানতে চান না। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও ভালো ফল করার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছেন আরাত্রিকা।