বেশ কয়েকমাস আগেই জনপ্রিয় গায়িকা অলকাই ইয়াগনিক বিরল স্নায়ুরোগের কারনে গান গাওয়ার ক্ষমতা হারিয়েছেন। এমনকি শ্রবনশক্তি হারান গায়িকা। অলকা ইয়াগনিকের পর প্রকাশ্যে এলো আরও এক জনপ্রিয় গায়িকার অসুস্থতা খবর। গত চার বছর ধরে এক বিরল ও যন্ত্রণাদায়ক ব্যাধির সঙ্গে লড়াই করছেন গায়িকা।
২০২২ সালে গায়িকার শরীরে ধরা পড়ে ‘স্টিফ পারসন সিন্ড্রোম’ নামের একটি অতি বিরল স্নায়বিক রোগ। এটি পেশীতে এতটাই ভয়াবহ খিঁচুনি তৈরি করে যে এককথায় দৈনন্দিন জীবনযাপন প্রায় অচল হয়ে পড়ে। অসুস্থ কানাডিয়ান পপসম্রাজ্ঞী সেলিন ডিওন। বিশ্ববিখ্যাত টাইটানিক ছবির ‘মাই হার্ট উইল গো অন’ গানের সেই কালজয়ী কণ্ঠ, যার সুরে একসময় ভেসে গিয়েছে গোটা বিশ্ব।
এক সাক্ষাৎকারে নিজের কণ্ঠ ও শরীরের ওপর এই রোগের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে গায়িকা জানান, “মনে হতো যেন কেউ আমার গলা টিপে ধরেছে! স্বরযন্ত্রে তীব্র চাপ পড়ত, উঁচু বা নীচু সুরে গান গাওয়া অসম্ভব হয়ে গিয়েছিল। কখনও কখনও হাত-পায়ের আঙুল এমনভাবে দুমড়ে বা শক্ত হয়ে যেত যে তা আর সোজা করা যেত না। রোগটি এতটাই মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল যে একবার আমার বুকের পাঁজর পর্যন্ত ভেঙে গিয়েছিল!”
২০২০ সালের পর থেকে আর কোনও শো করতে পারেননি এই পপ তারকা। তবে সব বাধা কাটিয়ে, অবশেষে ৬ বছর পর প্যারিসের মঞ্চে ফিরলেন ৫৮ বছর বয়সী এই পপ তারকা। ইউরোপের বৃহত্তম কনসার্ট ভেন্যু ‘প্যারিস লা ডিফেন্স অ্যারেনা’-তে ৩০ হাজার দর্শকের হাততালির শব্দে যখন চারপাশ কেঁপে উঠল, নিজেকে আর ধরে রাখতে পারেননি সেলিন।
গানের শেষে মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন তিনি। জলভেজা চোখে আবেগঘন কণ্ঠে বলেন, “আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। কথা দিয়েছিলাম আমি আবার মঞ্চে ফিরব। আজ আমি এখানে… আপনাদের জন্য এবং নিজের জন্য গাইছি। আপনারা ভালবেসেছিলেন বলেই আজ আমি এই জায়গায়।”

