
সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছেলে আদিকে নিয়ে নানা পোস্ট করেন জোজো মুখোপাধ্যায়। বছর ছয়েকের ছোট্ট আদিকেও ভালোবাসায় ভরিয়েছে নেটপাড়ার বাসিন্দারা। কিন্তু আচমকাই অসুস্থ আদি। সোশ্যাল মিডিয়ায় সেই খারাপ খবরই দিলেন মা জোজো। অসুস্থতা এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি একরত্তি খুদে। সবসময় হাসিখুশি থাকা ছেলেটা আজ হাসপাতালের বিছানায় শুয়ে। আচমকা কি হল ছোট্ট আদির?
২০২১-এ আদিকে দত্তক নিয়েছিলেন জোজো। দত্তক নিলেও নিজের প্রানের চেয়েও প্রিয় তার ছেলে। মায়ের কোন দায়িত্ব কর্তব্যে কখনও ফাঁক রাখননি গায়িকা। আজ সেই ছেলের অসুস্থতায় ভেঙে পরেছেন জোজো।
সম্প্রতি জোজো তার পোস্টে জানান, ‘গত তিন-চার দিন খুব কঠিন ছিল। একজন মা হিসেবে সময়টা বেশ কষ্টকর ছিল, কিন্তু আমার বন্ধু, পরিবারের সদস্য এবং অবশ্যই আদির শিক্ষকদের অবিরাম মানসিক সমর্থন আমার উদ্বেগ কমানো অনেক সহজ করে দিয়েছে। আদির প্রতি এই ভালোবাসা ও আশীর্বাদের জন্য টিউলিপিয়ানদের অনেক ধন্যবাদ, এটা সত্যিই খুব হৃদয়স্পর্শী। ওর সকল শিক্ষক, টিউলিপিয়ানদের সদস্য এবং বিশেষ করে রূপী বর্মা ম্যাডাম ও রঞ্জনা ম্যাডামের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’
আদির অসুস্থতা ঠিক কি কারনে তা নিয়ে বিশেষ কোন বার্তা জানান নি জোজো। তবে মন খারাপের মাঝেও আদির আরোগ্য কামনায় স্কুল থেকে আসা একটি উপহার একটু হলেও মন ভালো করে দিয়েছে গায়িকার।
