
গানের জগতে এক উজ্জ্বল তারকা পলক মুচ্ছল। নিজের গানে অসংখ্য শ্রোতাদের মন জয় করে আজ সফল গায়িকা তিনি। পাশাপাশি মানবিক কাজের জন্যও বারবার প্রশংসিত হয়েছেন। অনেকেই হয়তো জানেন, তার হাত ধরেই হাজার হাজার শিশু নতুন প্রাণ ফিরে পেয়েছে।
দীর্ঘদিন ধরে জন্মগত হৃদরোগে আক্রান্ত অসংখ্য দরিদ্র শিশু চিকিৎসার দায়িত্ব নিয়েছেন পলক। অসুস্থ শিশুদের সুস্থ জীবনে ফিরিয়ে সমাজসেবায় অসামান্য অবদান রেখেছেন তিনি। দেশ-বিদেশে চ্যারিটি কনসার্ট করে অর্থ সংগ্রহ করে আসছেন । সেই অর্থেই অসহায় শিশুদের হার্ট সার্জারি করিয়ে নতুন জীবন দিয়েছেন। এবার এই কাজের জন্য বিশ্বের দরবারে বিশেষ সম্মান পেলেন গায়িকা।
একজন সফল প্লেব্যাক গায়িকা হওয়ার পাশাপাশি মানবসেবার জন্য “সম্মানসূচক ডক্টরেট” ডিগ্রি দেওয়া হল তাকে। সেই ছবি সমাজমাধ্যমে তুলে ধরেন গায়িকা। সমাজসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মান তাকে প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, “সম্মানসূচক ডক্টরেট” ডিগ্রি প্রদান করা হয় আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়টি তাঁকে “Global Peace” বা বিশ্বশান্তি ও মানবকল্যাণে অবদান রাখার জন্য এই সম্মান প্রদান করেছেন।
