
প্রথম বাঙালি বিজেতা হিসাবে জিতেছিলেন ইন্ডিয়ান আইডলের ট্রফি। দমদম নিমতার মেয়ে মানসী ঘোষ এখন বাংলার গর্ব। ইন্ডিয়ান আইডল জেতার পর বিভিন্ন প্রোজেক্ট সুযোগ এসেছে বহুবার। যার দরুন কলকাতা-মুম্বাইয়ের যাতায়াত করতে হয় তাকে।
তবে এবার গায়িকার ঝুলিতে নতুন সুযোগ। নিজেই সেই সুখবর জানালেন মানসী। এবার বাংলা সিনেমায় প্লেব্যাকের সুযোগ পেলেন গায়িকা। পরিচালক দুর্জয় মণ্ডলের ‘দখল’ ছবিতে প্রথমবার প্লেব্যাক করেছেন তিনি। শোনা যাচ্ছে, সিনেমায় ‘মাঝ রাতে বিছানাতে’ নামে একটি গান গাইছেন তিনি।
বাংলা সিনেমার প্লেব্যাকের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মানসী জানিয়েছেন, , ‘গানটি গাইতে আমার ভীষণ ভালো লেগেছে। এটি খুবই প্রাণবন্ত একটি গান, আর আমার বিশ্বাস দর্শক-শ্রোতারাও গানটি দারুণ উপভোগ করবেন। বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবে এটাই আমার প্রথম কাজ, তাই এই গানটি আমার কাছে সবসময়ই বিশেষ হয়ে থাকবে। পরিচালক দুর্জয় মণ্ডলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও অসাধারণ। তিনি একজন অত্যন্ত ভালো মানুষ। ছবির পুরো টিমের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি ছবিটি দর্শকদের ভালোবাসা পাবে।’
প্রসঙ্গত, মাত্র ৪ বছর বয়স থেকে গান শিখছেন বঙ্গ তনয়া মানসী ঘোষ। ২০২২ সালে সুপার সিঙ্গারে অংশ নিয়েছিলেন। এরপর ২০২৫ সালে ইন্ডিয়ান আইডলের বিজেতা হন।
