দেখতে দেখতে ৪ বছর পার! ‘আমায় খেতে দেবে মা…’, মেয়ের মৃত্যুবার্ষিকীতে কান্নায় ভেঙে পড়লেন মা শিখা শর্মা

শিখা শর্মা

আজ ২০ শে নভেম্বর। দেখতে দেখতে চার বছর হয়ে গেল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আজও তার স্মৃতি নিয়ে বেঁচে রয়েছে তার পরিবার। মেয়ের জন্য কান্নায় ভেঙে পড়লেন মা শিখা শর্মা।

এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে ঐন্দ্রিলার মা শিখা দেবী জানান, “দেখতে দেখতে প্রায় চার বছর কেটে গেল। এখনও মাঝেমধ্যেই মনে হয়, এই তো সে দিনের ঘটনা। মিষ্টি আমায় আবার ‘মা’ বলে ডাকবে। এক মুহূর্তের জন্যও কাছ ছাড়া করতাম না যাকে, সেই মেয়েটা আজ কত দূরে। নভেম্বর আমার জন্য বড় অভিশপ্ত। বিভীষিকা বলা চলে। কিন্তু এই মাসটাকে তো আর ক্যালেন্ডার থেকে বাদ দিতে পারব না।”

শিখা দেবী আরও জানান, ‘হাসপাতালে মিষ্টির বিছানার পাশে বসে প্রতি মুহূর্তে মনে হয়েছে, এই হয়তো আমার দিকে তাকিয়ে বলবে, ‘মা, কী করছো? মা, আমায় খেতে দাও বা আমার সঙ্গে একটু গল্প করো।’ আসলে সবসময় তো এগুলোই করত ও। মিষ্টি যখন হাসপাতালে ভর্তি, তখন তো আমারও কেমো চলছিল। যতটুকু সময়ে কেমো নেওয়ার, বাকিটা ওর কাছেই বসে থাকতাম। ও তো ভীষণ হাসিখুশি একটা মেয়ে ছিল। কোনও মুখভার, মন খারাপ ওর অভিধানে ছিল না। ওকে দেখলে তাই আমাদেরও মন খারাপ ঠিক হয়ে যেত। যন্ত্রণায় চোখ দিয়ে হয়তো জল গড়িয়ে পড়ত মিষ্টির, তখনও মনে হতো এক চোখে যেন খানিক হাসি ফুটে উঠছে। আর আমি কষ্ট পাব বলে ও যন্ত্রণাগুলো সে ভাবে মুখ ফুটে বলছে না। আসলে আমিও তো ওই পথেরই পথিক ছিলাম। ক্যান্সারের যে যন্ত্রণা, আমি তো জানি। যদিও বুঝতে দিতাম না ওকে। খালি মনে হতো, একটু কষ্ট করে নে, এর পরেই তো সব ঠিক হয়ে যাবে। এ ছাড়া তো আমার কিছুই আর করার ছিল না।’