‘ওরা প্রমাণ করে দেখাক আমাকে ছাড়া এই শো… আমার অবদান ছিল বলেই…’, ‘দিদি নম্বর ওয়ান’ থকে বাদ পড়তেই বিস্ফোরক রচনা বন্দ্যোপাধ্যায়!

দিদি নম্বর ওয়ান

টেলিভিশনের পর্দায় অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’। তবে এই শোয়ের সমীকরণ এবার একবারে বদলে যেতে চলেছে। বিগত ১৫ বছর ধরে যে মঞ্চের ‘দিদি’ হিসেবে দর্শক হৃদয়ে রাজত্ব করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়, এবার সেই আসনে দেখা যাবে এক নতুন মুখ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে স্বস্তিকা সঞ্চালিত সিজন ১০-এর প্রচার ঝলক।

১৫ বছরের সেই চেনা জায়গা আচমকাই কেন ছাড়লেন রচনা? এই দীর্ঘ সফরে হঠাৎ এমন কী হলো যার জন্য সঞ্চালিকা পরিবর্তন করতে হলো? আনন্দবাজার অনলাইনকে রচনা বলেন, ‘আমার কাজের চাপ আছে। এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা পুরোপুরি চ্যানেলের সিদ্ধান্ত ছিল। কারণ, ওরা এই অনুষ্ঠানকে নতুন ভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের উপরে তো আমি কিছু বলতে পারি না। তবে ওদের প্রমাণ করে দেখাতে হবে রচনা ছাড়া এই শো সফল হতে পারে।’

নতুন টিমের দিকে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রচনা দাবি করেন, এই শো আজ যে খ্যাতির চূড়ায় রয়েছে, তার সিংহভাগ অবদান তাঁর নিজের। রচনা বলেন, ‘এই শো আজ যে জায়গায় রয়েছে, সেটা আমি ছিলাম বলে এবং আমার অবদান ছিল বলেই এই পর্যায়ে এসে পৌঁছেছে। এটা ওদের (নতুন টিম ও সঞ্চালিকা) জন্য একটা মস্ত বড় চ্যালেঞ্জ। ওদের এবার গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবাসীর কাছে প্রমাণ করে দেখাতে হবে যে, রচনা বন্দ্যোপাধ্যায়েরও পরিবর্ত কেউ হতে পারে! রচনা ছাড়া এই অনুষ্ঠান তাঁরা সফল করতে পারেন। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি।’

দীর্ঘদিনের সহকর্মী স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতি অবশ্য কোনও ব্যক্তিগত ক্ষোভ রাখেননি রচনা। বরং তাঁর আগামী সফরের জন্য মন থেকে শুভেচ্ছা জানিয়েছেন।