
ফের বিনোদন দুনিয়ায় বিয়ে ভাঙার খবর! নেটপাড়ায় বরাবরই এই দম্পতিকে নিয়ে আলাদা ক্রেজ থাকলেও, এবার ভাঙতে চলেছে এই জুটি। বেশ কয়েক বছর ধরে সম্পর্কের পরে ২০২২ সালের ২২ জানুয়ারি ভালবাসার মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বাঙালি অভিনেত্রী। বিয়ের বয়স চার বছর গড়াতেই দাম্পত্য জীবনে ফাটল ধরার ইঙ্গিত।
সম্প্রতি ফটো ব্লগিং সাইট ইনস্টাগ্রামে তারা দু’জনেই একে অপরকে আনফলো করেছেন। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম থেকে স্বামীর সমস্ত ছবি মুছে ফেলেছেন। এবার কি তাহলে ডিভোর্সের দিকে পা বাড়াতে চলেছেন অভিনেত্রী মৌনি রায় এবং সুরজ নাম্বিয়া। যদিও কেউই এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি এখনও পর্যন্ত। ইন্ডাস্ট্রির চর্চিত জুটির বিচ্ছেদের খবরে রীতিমত মনখারাপ অনুরাগীদের। ২০২০ সালে দুবাইয়ের ব্যবসায়ী সূরজের প্রেমে পড়েন মৌনী। ২০২২ সালে গোয়ায় বাঙালি ও মলায়লি দুই রীতি মেনেই বিয়ে হয় তাঁদের।
সূরজ নাম্বিয়ার পেশায় একজন সফল ব্যবসায়ী ও বিনিয়োগ ব্যাঙ্কার, বেঙ্গালুরু তাঁর আদি বাসস্থান। অন্যদিকে, মৌনী রায় দীর্ঘদিন ধরেই টেলিভিশনের জনপ্রিয় মুখ। ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’, ‘কস্তুরি’, ‘দো সহেলিয়াঁ’ এবং ‘দেবোঁ কে দেব… মহাদেব’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে তিনি পরিচিতি পান। তবে ‘নাগিন’ ধারাবাহিকে শিবান্যা চরিত্রে অভিনয় করেই তিনি ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন। এমনকি ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের আসনেও দেখা যায় মৌনিকে।

