
শুরুতেই পর্দায় বাজিমাত করতে আসছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। প্রথমবার স্বস্তিকা ঘোষ ও সৌম্যদীপ মুখার্জি’র জুটি নতুন চমক নিয়ে আসছে জি বাংলায়। বাকি ধারাবাহিকদের টক্কর দিতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে ধারাবাহিকের গোটা টিম। প্রথম থেকেই ধারাবাহিকের কলাকুশলীদের এমনভাবে বাছাই করা হয়েছে যাতে সহজেই টিআরপি সিংহাসনে রাজ করতে পারে এই মেগা। এবার সেখানেই আরও একটি ছোট্ট চমক।
সৌম্যদীপ জি বাংলার ‘জগদ্ধাত্রী’তে মুখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শক মহলে। অন্যদিকে স্বস্তিকাও স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র মুখ্য চরিত্রে মন জয় করেছিলেন। এই দুটি ধারাবাহিকই প্রায় চার বছর চলেছিল। সেই বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখেই আবারও দুই আলাদা ধারাবাহিকের নায়ক-নায়িকাকে নিয়ে শুরু হতে চলেছে নতুন এই মেগা।
অন্দরের খবর, এই ধারাবাহিকে নায়ক সৌম্যদীপের দিদির চরিত্রে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এলফিনা মুখার্জিকে। গল্পে এলফিনার চরিত্রের নাম ‘সারদা’। তবে তাঁর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন এলফিনা।
দর্শক তাঁকে এর আগে দেখেছেন ‘ডায়মণ্ডদিদি জিন্দাবাদ’, ‘ফুলমণি’, ‘গ্রামের রাণী বিনাপানি’, ‘বধূ কোন আলো লাগল চোখে’র মতো ধারাবাহিকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। যেখানে নায়ক-নায়িকার ঝলক দেখে দারুণ উত্তেজিত দর্শক মহল।

