
বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ অভিনেত্রী তৃণা সাহা। বর্তমানে স্টার জলসার ‘পরশুরাম’ ধারাবাহিকে কাজ করছেন। এছাড়াও একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি ওয়েব সিরিজেও নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন অভিনেত্রী। নিজের দক্ষতা ও পরিশ্রমের জোরেই ইন্ডাস্ট্রিতে তৈরি করেছেন আলাদা পরিচিতি।
তবে অভিনয় যে তাঁর পেশা হয়ে উঠবে, তা শুরুতে ভাবতেই পারেননি তৃণা। অভিনয়ে আসার সিদ্ধান্তে পরিবারের তরফ থেকেও প্রথম দিকে ছিল আপত্তি। সহজে মেনে নিতে পারেননি তাঁর বাবা-মা। অতীতে এক সাক্ষাৎকারে তৃণা জানিয়েছেন, “আমার বাবা-মা এই বিষয়টা মেনে নিতে পারেনি, তারা খুব রেগে গিয়েছিল এমনকি কথা বলা বন্ধ করে দেয়। সেই সময় আমার জন্য কঠিন সময় ছিল।”
তৃণার কথায়, সেই আপত্তি পুরোপুরি এখনো কাটেনি। কাজের ব্যস্ততার কারণে শুটিং শেষ করে অনেক সময় রাতে বাড়ি ফিরতে দেরি হয় তাঁর আর তখন বাবা-মা বিরক্ত হন। এমনকি রাগ করে কখনো কখনো তাঁর সঙ্গে কথাও বলা বন্ধ করে দেন তাঁরা।
তবে সময়ের সঙ্গে পরিস্থিতি সামলাতে শিখে গিয়েছেন তৃণা। পরিবারের অভিমান কিংবা রাগকে এখন আগের তুলনায় অনেক বেশি পরিণতভাবে সামলান তিনি। অভিনয়ের প্রতি নিজের ভালোবাসা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছেন অভিনেত্রী।
তৃণা র কথায়, ‘যখন কেউ রেগে থাকে, তখন যতই বোঝাও না কেন, সে তখন সেটা মানতে চায় না। তাই কিছু বিষয় ছেড়ে দিতে হয়। সময় দিলে অনেক কিছুই নিজে থেকেই ঠিক হয়ে যায়।”
