
গত মাসেই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। কোলে এসেছে ফুটফুটে রাজকন্যা। জন্মের পর থেকে হাসপাতালের বেডেই একরত্তির মুখও দেখিয়েছিলেন পূজা-কুণাল। কোনও লুকোছাপা করেননি। সম্প্রতি মেয়ের নাম প্রকাশ্যে আনলেন পূজা। খুদের নাম জানা মাত্রই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
সম্প্রতি পুজো-পাঠ ও তিথি মেনে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয়েছিল কন্যাসন্তানের ‘নামকরণ সংস্করণ’। সমাজমাধ্যমের পাতায় সেই সুন্দর মুহূর্তের ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আলাপ করুন আমাদের মেয়ে ‘মাইশা’-র সাথে’।
পূজা ও কুণালের প্রথম সন্তানের নাম ‘কৃশিব’— যা ভগবান শিব ও কৃষ্ণের এক অপূর্ব মেলবন্ধন। সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় সন্তানের নাম কোনো পৌরাণিক বা চিরাচরিত হিন্দু নাম না রেখে একটু অন্যরকম নাম বেছে নিয়েছেন তাঁরা। ‘মাইশা’ নামটি মূলত একটি আরবি নাম, যা ইসলামিক সংস্কৃতিতে অত্যন্ত জনপ্রিয়।
হিন্দু হওয়া সত্বেও মেয়ের এমন মুসলিম নাম কেন দিলেন অভিনেত্রী? সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন নেটপাড়ায়। নেটপাড়ার একাংশ এই নাম দেখে কিছুটা অবাক হলেও নামের গভীর অর্থ মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।
আরবি ভাষায় ‘মাইশা’ শব্দটির অর্থ যে গর্বের সাথে হাঁটে। স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের প্রতীক হিসেবেও এই নাম ব্যবহার করা হয়। ধর্মের বেড়াজাল টপকে মেয়ের জন্য একটি অর্থবহ ও আধুনিক নাম বেছে নেওয়ার জন্য যেমন অনেকে কটাক্ষ করেছেন তেমনই তারকা দম্পতির প্রশংসাও জানিয়েছেন অনেকেই।
