‘রাহুলের সঙ্গে আমার প্রেমটা… প্রিয়াঙ্কা ওর জীবনের… রাহুল কাউকে ধোঁকা দিয়ে আমার কাছে আসেনি..’, মৃত্যুর ৫ মাস পর রাহুলের সাথে গোপন সম্পর্ক নিয়ে মুখ খুললেন মৌমিতা পণ্ডিত

মৌমিতা পণ্ডিত

প্রায় পাঁচ মাস হয়ে গেল রাহুল আর নেই। চলতি বছরের ২৯ মার্চ, দিনটা ছিল বাংলা ইন্ডাস্ট্রির কাছে এক বিষাদময় দিন। মাত্র ৪৩ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন জলে ডুবে অভিনেতার মৃত্যু ঘিরে চলছে আজও তদন্ত। এরই মাঝে ব্যক্তিগত জীবন ঘিরে উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকর ঘটনা।

অভিনেতার মৃত্যুর আগে তাঁর সঙ্গে প্রেম ছিল, এমনই দাবি করলেন মডেল-অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। আর তাঁর সেই দাবি সামনে আসার পর থেকেই হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। মৌমিতা তাঁর হোয়াটসঅ্যাপে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করে নেন, যেখানে দেখা যায় রাহুল তাঁর গালে আবির মাখাচ্ছেন।

মৌমিতা জানান, এই ফুটেজ চলতি বছরের দোলের দিনকারই। সারা রাত শ্যুট করেও, নিজে বাইক চালিয়ে তাঁকে আবির মাখাতে এসেছিলেন রাহুল। এমনকী মৌমিতা আরও জানান যে, স্বামী অরিদীপ্তর মৃত্যুর পর বন্ধ রেখেছিলেন রং খেলা। চলতি বছরে রাহুল তাঁকে নিজের হাতে মাখিয়েছিল আবির। তারপর বাইকে করে দুজনে শহর ঘুরে চা খেতেও গিয়েছিলেন।

মৌমিতার দাবি, স্বামী অরিদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর রাহুলের সঙ্গে তাঁর যোগাযোগ বাড়তে থাকে। মৌমিতার স্বামী অরিদীপ্ত ও রাহুল ছিলেন দীর্ঘদিনের বন্ধু। একসময় সেই সম্পর্ক নতুন মোড় নেয়। এখানেই শেষ নয়, মৌমিতার দাবি তিনি ও রাহুল ঠিক করেছিলেন সম্পর্ককে স্বীকৃতি দেবেন। একসঙ্গে সামনে আনবেন তাঁদের ভালোবাসার কথা। মৌমিতা জানিয়েছেন, সেইদিন শেষ শট দিতে জলে নামার আগেও রাহুলের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছিল। দুজনে আগের রাতে দীর্ঘ সময় ভিডিয়ো কলও করেছিলেন। মৌমিতার কথায়, ‘আমাদের প্রেমটা যদি স্বীকার না করি, তবে রাহুলকে অসম্মান করা হবে। প্রেম তো সবচেয়ে বড় বিপ্লব, আমাদের প্রেমের চেয়ে বড় বিপ্লব আর কিছু হতে পারে না।’

এদিকে, বছরখানেক আগে রাহুল ও প্রিয়াঙ্কা আদালত থেকে তাঁদের ডিভোর্সের মামতা তুলে নিয়েছিলেন। জানিয়েছিলেন যে, সহজের জন্য নিজেদের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করে নিতে চান। এমনকী, রাহুল মারা যাওয়ার পর থানা-পুলিশে দৌড়াদৌড়ি করে গিয়েছেন প্রিয়াঙ্কা। ছেলে সহজ, শাশুড়িকে সামলেছেন।

মৌমিতা দাবি করেছেন, ‘ওদের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। প্রিয়াঙ্কা ওর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তবে রাহুল কাউকে ধোঁকা দিয়ে আমার কাছে আসেনি, এটুকুই বলতে পারি।’