
প্রবাসের জীবনযাত্রার পাশাপাশি সহজ-সরল বাঙালি রান্না, উৎসব-অনুষ্ঠান ও বাঙালী জীবনযাপনের গল্প তুলে ধরে অল্প সময়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়া। হাজার হাজার অনুরাগী প্রতিদিন মহুয়ার নতুন ভিডিয়োর অপেক্ষায় থাকেন। তবে আচমকাই বড় বিপদের মুখে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মহুয়া।
সোশ্যাল মিডিয়ায় তার এই দীর্ঘ পথচলা এবার ভয়ানক বিপদের মুখে। সম্প্রতি ফেসবুকে করা মহুয়ার একটি পোস্ট অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি মহুয়া ফেসবুকে তাঁর স্বামী ও কন্যার একটি ছবি পোস্ট করে।
মহুয়া লিখেছেন, বর্তমানে ফেসবুকের নিয়মের বেড়াজালে পড়ে অনেক বড় বড় পেজ ডিলিট হয়ে যাচ্ছে এবং নানারকম কঠোর বিধিনিষেধ বা রেস্ট্রিকশন আসছে। অত্যন্ত দুঃখ প্রকাশ করে তিনি জানান যে, তাঁর নিজের পেজেও কোনও কারণ ছাড়াই দুটি কপিরাইট স্ট্রাইক চলে এসেছে। আগামীদিনে এই পেজটির ভাগ্যে কী ঘটবে, তা নিয়ে তিনি নিজেই বেশ সংশয়ের মধ্যে রয়েছেন।
এই কঠিন পরিস্থিতিতে নিজের দীর্ঘদিনের পরিশ্রমে পাওয়া অনুগামীদের হারিয়ে ফেলার আশঙ্কা করছেন মহুয়া। তবে পথচলা যাতে থমকে না যায়, সেই জন্য তিনি তাঁর অনুরাগীদের কাছে একটি বিশেষ অনুরোধ রেখেছেন। তিনি জানিয়েছেন, ইউটিউবেও ‘প্রবাসে ঘরকন্না’ নামে তাঁর একটি একই রকমের চ্যানেল রয়েছে, যেখানে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। ফেসবুক পেজের এই সংকটের সময়ে দর্শকরা যাতে তাঁর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, সেই আর্জি জানিয়েছেন তিনি। ফেসবুকের ওই পোস্টের কমেন্ট বক্সে তিনি নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্কটিও শেয়ার করে দিয়েছেন।
ফেসবুকের এই যান্ত্রিক ত্রুটি বা নিয়মের জট কাটিয়ে ‘প্রবাসে ঘরকন্না’ আবারও তার চেনা ছন্দে ফিরবে, এমনটাই প্রার্থনা মহুয়ার হাজার হাজার অনুরাগীর।

