
টলিউডে নেমে এল শোকের ছায়া। বুধবার দুপুরে আচমকাই খবর ছড়ায় গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন পরিচালক অনীক দত্ত। গড়িয়াহাট এলাকার বহুতল আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়। প্রথমে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
তার কিছুক্ষণের মধ্যেই সামনে আসে মর্মান্তিক খবর। টলিউড ইন্ডাস্ট্রিকে শেষবারের মত বিদায় জানালেন পরিচালক অনীক দত্ত। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বাংলা চলচ্চিত্র জগৎ।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও পরিষ্কার নয়। পরিচালক অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। পরিচালকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই নিশ্চিতভাবে মানতে নারাজ তদন্তকারীরা।
এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, বহুতলের সামনে থাকা একটি গাছের ডাল ভেঙে থাকতে দেখা গিয়েছে। অনুমান করা হচ্ছে, নিচে পড়ার আগে সেটিতে ধাক্কা লেগে থাকতে পারে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পরিচালকের মৃত্যুসংবাদ সামনে আসতেই শোকপ্রকাশ করেছেন টলিউডের বহু অভিনেতা, পরিচালক ও শিল্পীরা। ২০১২ সালের ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে টলিউডে হাতেখড়ি। এর পরে, ‘মেঘনাদবধ রহস্য’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণবাবুর বন্ধু’ ছবিগুলির মাধ্যমে যথেষ্ট প্রশংসা পেয়েছেন অনীক দত্ত। এরপর তিনি সকলের মন জয় করেন, ‘অপরাজিত’ ছবির মাধ্যমে। পরিচালকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘যত কাণ্ড কলকাতায়’।
