সুখবর! চুপিসারে বিয়ে সারলেন সারেগামাপা খ্যাত গায়ক, অবাক নেটিজেন

ঋষি চক্রবর্তী

সাতপাকে বাঁধা পড়লেন  জনপ্রিয় সংগীতশিল্পী ঋষি চক্রবর্তী। মডেল বিপাশা ঘোষের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ‘সারেগামাপা’ খ্যাত এই গায়ক। গত ২১ নভেম্বর বৈদিক রীতি মেনে চার হাত এক হয়েছে তাঁদের। বিয়ের পর সোমবার রাতে কলকাতার ক্যালকাটা বোটিং রিসর্ট অ্যান্ড হোটেলে আয়োজিত হয়েছিল নবদম্পতির জমকালো রিসেপশন পার্টি। বিয়ের আসর থেকে শুরু করে রিসেপশন, দুই অনুষ্ঠানেই নজর কেড়েছে ঋষি ও বিপাশার সাজপোশাক।

বিয়ের দিন সাবেকি বাঙালি সাজেই ধরা দিয়েছিলেন নববধূ বিপাশা। লাল রঙের সোনালি জরির কাজ করা বেনারসি, মাথায় সোলার মুকুট, কপালে চন্দনের কল্কা আর ভারী সোনার গয়নায় অপরূপা লাগছিল তাঁকে। অন্যদিকে সাদা পাঞ্জাবি, উত্তরীয় ও মাথায় টোপর পরে একেবারে সাবেকি বাঙালি বরের সাজে সেজেছিলেন ঋষি। ফুলের মালায় তাঁর সাজও ছিল নজরকাড়া।

ঋষি চক্রবর্তী

তবে রিসেপশনের সন্ধ্যায় সাবেকি সাজ ছেড়ে একেবারে রাজকীয় অবতারে হাজির হন দু’জনে। নবদম্পতির সেই বিশেষ মুহূর্তের একাধিক ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায়। ছবিতে তাঁদের আনন্দঘন মুহূর্তের পাশাপাশি অনুষ্ঠানের জমকালো আয়োজনও নজর কেড়েছে।

ঋষি চক্রবর্তী

ঋষি ও বিপাশাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। বিয়ের আনন্দে জমে উঠেছিল গোটা সন্ধ্যা। সেই অনুষ্ঠানের অভিজ্ঞতা ভাগ করে সমদীপ্তা লেখেন, ‘ঋষিদার বিয়ে, মরসুমের প্রথম বিয়েবাড়ি বলে কথা। হৈহৈ, আড্ডা আর দারুণ খাওয়া-দাওয়া’। সব মিলিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ঋষি ও বিপাশা। তাঁদের আগামী দিনের পথচলা ভালোবাসা ও আনন্দে ভরে উঠুক, এমনটাই কামনা অনুরাগীদের।