
ফের আবারও দুঃসংবাদ! বিনোদন জগতের জন্য আজ নেমের আরও এক কালো ছায়া। শিল্পীদের একের পর এক মৃত্যুতে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এবার শুটিং সেটেই প্রাণ হারালেন আরও এক জনপ্রিয় অভিনেতা।
শুটিং করতে গিয়েই ঘটল মর্মান্তিক ঘটনা। কাজের ব্যস্ততার মাঝেই আচমকা অসুস্থ হয়ে প্রয়াত হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সোহেল খান। মঙ্গলবার, ২৪ নভেম্বর বগুড়ায় শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের বিনোদন জগতে।
প্রযোজনা সংস্থার তরফেই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। গত ১৯ নভেম্বর থেকে সেখানে শুটিং করছিলেন তিনি। বুধবার, ২৫ নভেম্বর তাঁর কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় অঘটন। মঙ্গলবার সকালে নিয়মমাফিক মেকআপও সেরে নিয়েছিলেন অভিনেতা। এরপর হোটেলের ঘরে তাঁকে ডাকতে যান শুটিং ইউনিটের এক সদস্য। কিন্তু ঘরে ঢুকে অভিনেতাকে বিছানায় পড়ে থাকতে দেখেন তিনি। বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান অভিনেতা। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকপ্রকাশ করেন অভিনেতা চঞ্চল চৌধুরী-সহ বাংলাদেশের বিনোদন জগতের একাধিক তারকা।

বিজ্ঞাপনে অভিনয়ের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন সোহেল খান। পরবর্তীতে রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধারাবাহিক ‘৪২০’-তে অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর একের পর এক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। বড় পর্দাতেও ছিল তাঁর উল্লেখযোগ্য উপস্থিতি। ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ এবং ‘শান’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। ঢাকার ধামরাইয়ের রাজাপুরে তাঁর বাড়ি। দীর্ঘ অভিনয় জীবনে নিজের কাজের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। আচমকা তাঁর চলে যাওয়ায় শোকস্তব্ধ অনুরাগী থেকে সহকর্মীরা।
