
বাংলা টেলিভিশনের এমন বেশ কিছু ধারাবাহিক রয়েছে যা আজীবন দর্শকের মনে রয়ে যাবে। সেরকম দুটি ধারাবাহিক গোয়েন্দা গিন্নি আর শ্রীময়ী। এই দুই ধারাবাহিকের মূল আকর্ষণ অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। শ্রীময়ী শেষ হয়ে যাওয়ার পর গত ৩ বছর ধরে ছোটপর্দায় দেখা যায়নি ইন্দ্রাণীকে। তবে কি এবার অনয অবতারে দেখা মিলবে শ্রীময়ী?
কেন এতদিন পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী? এই বিষয়ে ইন্দ্রাণী বলেন, “আমি এর মাঝে কিছু শো করেছি, সেখানে দর্শকদের সঙ্গে দেখা করেছি। ওখানে তাঁরা বলছেন, ‘দিদি কবে আবার আপনাকে সিনেমা বা টেলিভিশনের পর্দায় দেখব?’ সত্যি কথা বলতে, গত ৩ বছর আমার জীবন অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। শারীরিক, পারিবারিক, সব দিক থেকেই অনেক ঝড় গিয়েছে। এখন ২০২৬ সালে জগন্নাথের কৃপায় আমি একটু ঠিকঠাক আছি। এখন আমি কাজ করার জন্য প্রস্তুত।”
ফের কবে ছোটপর্দায় দেখা যাবে অভিনেত্রীকে? ইন্দ্রাণী স্পষ্ট জানান, ধারাবাহিক আর করবেন না তিনি, তবে গেম শো হলে, সেটা অবশ্যই করবেন। অভিনেত্রীর কথায়, “সিরিয়াল করতে চাই না। মাসে ২৮ দিন সকাল ৯ থেকে রাত ৯ টা কাজ করার ধৈর্য নেই। ওয়েব সিরিজ করতে চাই, ছবি করতে চাই। আর সবথেকে বেশি আগ্রহী কোনও গেম শো সঞ্চালনা করায়। আমিও অপেক্ষায় আছি আমি কবে মানুষের সামনে আসব।”
ইন্দ্রাণী আরও বলেন, “আমাদের এখানে তো কাজ করতে চাইলেই তো সবসময় কাজ পাওয়া যায় না। সবাইকে জানানোর একটা ব্যাপার থাকে। আমি এখন সবাইকে জানাচ্ছি যে আমি আবার কাজ করতে প্রস্তুত। আমি একটু চুজি চিরকালই, সব রকম সিনেমা বা সিরিয়াল করি না। তাই সেটাও জানাচ্ছি যে কী ধরনের কাজ করতে চাই। চ্যানেলদের জানাচ্ছি। ছবি করার জন্যও বলেছি। কিছু বন্ধুবান্ধবদের বলেছি আমি আগ্রহী কাজ করার জন্য, কোনও যোগ্য রোল থাকলে যেন জানায়।”
