
গানের জগতে পরিচিত নাম ইমন চক্রবর্তী। তার গায়কী ও স্পষ্টভাষী স্বভাবের জন্য শ্রোতাদের হৃদয়ে এক আলাদা জায়গা তৈরি করেছেন গায়িকা। কাজের বাইরে ইমন খুবই সাধারণ একজন মেয়ে যে নিজের বাবা এবং স্বামীকে নিয়ে গুছিয়ে সংসার করতে ভালোবাসেন। তবে আচমকাই সোশ্যাল মিডিয়ায় ইমনের পোস্ট ঘিরে শোরগোল নেটপাড়ায়।
বরাবরই গায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। তারমাঝেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না গায়িকার। সম্প্রতি এক পডকাস্টের সংক্ষিপ্ত ক্লিপে নিজের বৈবাহিক জীবন সম্পর্কে উঠে আসা ভুয়ো খবর নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন গায়িকা। সোশাল মিডিয়া ও বিভিন্ন পোর্টালে তার সংসার জীবন নিয়ে উঠে আসা গুজব প্রসঙ্গে স্পষ্ট চাঁছাছোলা ভাষায় ইমন বলেন, “বলে দিলো, আমার ডিভোর্স হয়ে গেছে!” এবং সেইসব কনটেন্ট কীভাবে রাতারাতি “মিলিয়ন ভিউ” পেয়ে যাচ্ছে, তা নিয়েও একহাত নেন তিনি।
সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক ভাঙনের এই জল্পনাকে একপ্রকার ধুয়ে দিয়ে ইমন জানান, সস্তা ভিউ আর ইউজারদের বিনোদনের জন্য তারকাদের ব্যক্তিগত জীবনকে প্রতিনিয়ত কীভাবে বলি চড়ানো হচ্ছে।
ইমনের দাবি, ‘বিনোদনের নামে মানুষ কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছেন না তো? ভেবে দেখতে বলব না। কারণ ভাবনা থাকলে এইভাবে খবরটা করা হত না। যারা করেছেন, তাদের ধিক্কার জানালাম। নোংরামির সব সীমা অতিক্রম করে ফেলেছেন আপনারা। অত্যন্ত বিরক্তিকর এবং লজ্জার বিষয়। আর কত নিচে নামবেন?’
ঘটনার জেরে ইমন এতটাই বিরক্ত যে শেষমেশ ধোঁয়াশা সরিয়ে সোশাল মিডিয়ায় গর্জে উঠতে বাধ্য হন তিনি। ইমনের এহেন সোজা সাপ্টা মন্তব্য ঘিরে ইতিমধ্যেই টলিপাড়ায় জোর চর্চা ও বিতর্কের ঝড় উঠেছে।
