
ছোটপর্দায় ফের বিবাহ বিচ্ছেদের খবর। সংসার ভাঙল আরও এক জনপ্রিয় জুটির। ৯ বছরের দাম্পত্যের পর অবশেষে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা। গত এক বছর ধরেই নাকি আলাদা থাকছেন তারা। বিচ্ছেদের পথে হাঁটলেও তাদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়নি বলেই জানিয়েছেন অভিনেতার স্ত্রী।
২০১৬ সালে প্রেম করেই বিয়ে সেরেছিলেন অভিনেতা গৌরব খন্না ও আকাঙ্ক্ষা চমোলা। । সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক আপ ২’-এ তাঁদের ডিভোর্সের কথা ঘোষণা করেন আকাঙ্ক্ষা। অভিনেতার স্ত্রী জানান, “আমাদের মধ্যে সবকিছু খারাপ হয়ে গিয়েছে, এমন নয়। আমরা এখনও পরস্পরের সঙ্গে কথা বলি। তবে আমরা সঙ্গী হিসাবে পরস্পরের জন্য উপযুক্ত নই। আমরা নিজেদের ভবিষ্যৎকে সম্পূর্ণ ভিন্ন ভাবে দেখি। আমরা গত এক বছর ধরে চেষ্টা করেছি। আমরা একসঙ্গেই এই সিদ্ধান্ত নিয়েছি।”
‘বিগ বস্ ১৯’-এ জয়ী হয়েছিলেন গৌরব খন্না। তখন তাঁর স্ত্রী হিসাবে প্রতিযোগী হয়ে এসেছিলেন আকাঙ্ক্ষা। সেই সময়ে প্রকাশ্যে আকাঙ্ক্ষা জানিয়েছিলেন, সন্তানের মা হতে চান না। অন্য দিকে, একাধিক বার গৌরব জানান, তিনি সন্তান পছন্দ করেন। তবুও তিনি স্ত্রীকে সম্মান করতেন এবং বলেছিলেন, একজন স্বামী হিসেবে স্ত্রীর সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়াই তার দায়িত্ব।
গৌরব তখন আরো বলেছিলেন, তাদের সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া ও পরিণত মানসিকতার ওপর দাঁড়িয়ে আছে। যদি বিষয়টি নিয়ে সম্পর্ক ভেঙে যাওয়ার কথা হতো, তাহলে অনেক আগেই তা হয়ে যেত। এদিকে আকাঙ্ক্ষার বিচ্ছেদের ঘোষণার পরও গৌরবের তরফ থেকে কোন ঘোষণা পাওয়া যায়নি।

