
বাংলা মেগাসিরিয়ালের গল্পে ড্রামা থাকবে, তা তো জানাই কথা। এই মুহুর্তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এঅভিনেতা ধ্রুবজ্যোতি সরকারের কেরিয়ারে অন্যতম চ্য়ালেঞ্জিং চরিত্র সম্রাট। পর্দার ঝিনুক ও সম্রাটের বিয়ের পর যে এমন এক হাড়হিম করা মোড় অপেক্ষা করছিল, তা হয়তো সিরিয়াল-প্রেমীও আন্দাজ করতে পারেননি।
তবে ইতিমধ্যেই সম্রাট চরিত্রটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে চরম সমালোচনা। ঝিনুকের সাইকো বরের ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসা কুড়ালেও এক নেটিজেন মন্তব্য করে লেখেন, ‘এই সম্রাটের অভিনয় বিরক্ত লাগে, এর জায়গায় যদি ফাহিম মির্জা থাকত তাহলে ফাটিয়ে দিতো।’
নেটিজেনের এই মন্তব্যে একটুও চুপ থাকেননি অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার। তিনি কমেন্টের রিপ্লাই দিয়ে স্পষ্টভাবে লেখেন, ‘আমার মনে হয় আপনি ফাহিম মির্জার ভক্ত। কিন্তু বস, এই চরিত্রটি শুধুই আমার জন্য। আপনার পছন্দ হলো কি হলো না, তাতে কিচ্ছু যায় আসে না।’
সম্রাটের নেগেটিভ বা ‘সাইকো’ চরিত্রে ধ্রুবজ্যোতির অভিনয় যেমন একদিকে দর্শকদের একাংশের কাছে প্রশংসা পাচ্ছে, তেমনই অভিনেতার এই সোজাসাপটা জবাবও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় উঠে এসেছে। প্রসঙ্গত, মিঠাই ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন ফাহিম এবং ধ্রুবজ্যোতি। তাঁদের ব্যক্তিগত সমীকরণ খুবই মধুর। আপতত ফাহিম মির্জাকে দেখা যাচ্ছে জি বাংলারই জোয়ার ভাঁটা ধারাবাহিকে।
ওদিকে কমলা নিবাসের গল্পে সম্রাটের ‘পাগলামি’ মাত্রা ছাড়াচ্ছে। ঝিনুকের বেস্ট ফ্রেন্ডকে প্রাণে মারতে চায় সম্রাট। সব মিলিয়ে দর্শকদের চোখে ক্রমেই সাইকো থেকে ক্রিমিনাল সম্রাটে রূপান্তরিত হচ্ছে এই চরিত্র।
