
সদ্যই প্রকাশিত হয়েছে সিবিএসই ক্লাস ১২ এর রেজাল্ট। আর এই বছরই উচ্চমাধ্যমিকের পরীক্ষায় বসেছিলেন ‘অনুরাগের ছোঁয়া’র সেই ছোট্ট রুপা ওরফে অভিনেত্রী দেবপ্রিয়া বসু। সম্প্রতি দেবপ্রিয়ার দিদি তথা অভিনেত্রী দেবাদৃতা বসু সোশ্যাল মিডিয়ায় বোনের দুর্দান্ত রেজাল্ট ভাগ করে নেন সকলের সাথে। জানেন কি কত শতাংশ নম্বর পেলেন দুলারী’র নায়িকা? শুধু ভালো রেজাল্টই নয়, স্কুলের র্যাংকিয়ে তৃতীয় হয়েছেন দেবপ্রিয়া। অভিনেত্রীর সাফল্যে গর্বিত গোটা পরিবার। মহেশতলার সাইনি ইন্টার ন্যাশনাল স্কুলের ছাত্রী দেবপ্রিয়া। দারুন রেজাল্ট করে স্কুলের মুখ উজ্জ্বল করলেন অভিনেত্রী।
দিদি দেবাদৃতা বলেন, “আমরা সবাই ভীষণ খুশি। ও স্কুলের মধ্যে তৃতীয় হয়েছে। খুবই ভাল রেজাল্ট করেছে। ওভারঅল ৮৭ শতাংশ পেয়েছে।” আগামীতে কী নিয়ে পড়তে চান দেবপ্রিয়া? এই বিষয়ে দেবাদৃতা বলেন, “এখনও স্থির করেনি। তবে ও অনেকদিন ধরেই বলছিল, ইংলিশ অনার্স নিয়ে পড়তে চায়। নইলে মিডিয়া সায়েন্স। ফলে এখন এটা নিয়ে একটু ভাবনাচিন্তা করছে।” অভিনয়ের পাশাপাশি যে মন দিয়ে পড়াশোনাও চালিয়ে গিয়েছেন দেবপ্রিয়া, তা তার রেজাল্টেই প্রমান।
একদিকে ক্লাস ১২ এর পরীক্ষায় এত ভাল রেজাল্ট। অন্যদিকে শীঘ্রই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন দেবপ্রিয়া। এতদিন দেবপ্রিয়াকে পার্শ্ব চরিত্রে দেখা গেলেও এবার তিনি সোজা নায়িকা। বড় দিদি হিসেবে দেবপ্রিয়াকে কি টিপস দিলেন দেবাদৃতা? দিদি বলেন, “ভীষণ উত্তেজিত আমরা সবাই। ইমোশনাল হয়ে পড়ছি। এত ভাল রেজাল্ট করেছে, আবার শীঘ্রই একটা ভাল কাজ শুরু হতে চলেছে। সবটা মিলিয়েই আমরা খুব খুশি। না কোনও টিপস দিইনি। ওর নিজের যা ট্যালেন্ট আছে সেটা যথেষ্ট। আমাকে আর আলাদা করে টিপস দিতে হয়নি।”
