টানা ২২ দিন কেটেছে হাসপাতালের আইসিইউ-তে! ‘মায়ের দিকে তাকানো যাচ্ছিল না… মৃ্ত্যুর সঙ্গে লড়াই করে…’, ক্যান্সারে আক্রান্ত মায়ের অসুস্থতা নিয়ে মুখ খুললেন মেয়ে প্রেরণা ভট্টাচার্য

প্রেরণা ভট্টাচার্য

বিনোদন দুনিয়ায় মা-মেয়ের জুটি কিন্তু বেশ পরিচিত। একসময় সময় পর্দায় চুটিয়ে কাজ করলেও আচমকাই অভিনেত্রী এষা ভট্টাচার্যর জীবনে নেমে আসে অন্ধকার ছায়া। ২০১৮ সালে তাঁর শরীরে প্রথম স্তরের স্তন ক্যানসার ধরা পড়েছিল। সেই সময় সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার বাদ দেওয়া হয় এবং চিকিৎসার পর তিনি স্বাভাবিক জীবনে ফেরেন। দীর্ঘ পাঁচ বছর সব ঠিকঠাকই চলছিল। কিন্তু চলতি বছরের মে মাসে মারণরোগ ক্যানসার আবারও তার শরীরে ফিরে আসে।

সম্প্রতি মায়ের অসুস্থতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন মেয়ে প্রেরণা ভট্টাচার্য। প্রেরণা বললেন, “ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে। জেনেটিক পরীক্ষা করে জানা যায়, মায়ের জিনে ক্যানসার সেল রয়েছে। ঝুঁকি কমানোর জন্য চিকিৎসকেরা জানিয়েছিলেন, দু’টি স্তনই অস্ত্রোপচার করে বাদ দিয়ে দেওয়া যেতে পারে। পুরোটাই নির্ভর করছে আমাদের সিদ্ধান্তের উপরে। মা নিজেই ঠিক করেছিল অস্ত্রোপচার যখন হচ্ছেই, তখন একেবারে দুটো স্তনেই অস্ত্রোপচার হয়ে যাক।”

ঠিক হয়েছিল কেমোথেরাপির পরে অস্ত্রোপচার হবে। কিন্তু প্রথম কেমো নেওয়ার পরে শরীরে জটিলতা ধরা পড়ে এষার। প্রেরণা যোগ করেন, “প্রথম কেমো নেওয়ার চার ঘণ্টা পরেই মায়ের এত বাড়াবাড়ি হয়ে যায় যে, আইসিইউ-তে ভর্তি করাতে হয়। মরণ-বাঁচন অবস্থা হয়ে গিয়েছিল। ২২ দিন টানা হাসপাতালে ছিল।” জীবনের ঝুঁকি নিয়ে টানা ২২ দিন তাঁকে হাসপাতালে কাটাতে হয়েছিল। এই সংকটময় সময়ে পুরো সময়টা মায়ের পাশে থাকার জন্য কাজ থেকে বিরতি নিয়েছিলেন প্রেরণা। সম্প্রতি অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে অভিনেত্রীর মায়ের।

দীর্ঘ লড়াইয়ের পর অভিনেত্রী বর্তমানে কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। শরীর এখনও অত্যন্ত দুর্বল এবং হাঁটাচলা করতে কষ্ট হলেও, তিনি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। বহুদিন পর ঘরের ঠাকুরপুজোতেও অংশ নিয়েছেন তিনি। মায়ের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় মেয়ে প্রেরণাও আবারও কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।