আচমকাই বাঁ পা আটকে যাচ্ছিল… হাঁটাচলা বন্ধ হয়ে গিয়েই… ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি…’, অবশেষে শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুললেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়

ভাস্কর বন্দ্যোপাধ্যায়

কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন টলিউড অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছিল কোমরের অস্থিসন্ধির অস্ত্রোপচার হয়েছে অভিনেতার। এই মুহুর্তে ডাক্তারের চিকিৎসাধীন অবস্থাতে হাসপাতালেই আছেন তিনি। কিন্তু আচমকাই অভিনেতার অসুখ নিয়ে কৌতুহল অনুরাগীদের। ঠিক কি সমস্যা হয়েছিল অভিনেতার?

আচমকাই বাঁ পায়ে সমস্যা দেখা দেয় অভিনেতার। যার ফলে হাঁটাচলাতেও বেশ অসুবিধে দেখা দিচ্ছিল তার। যার কারনে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন অভিনেতা। সম্প্রতি শারীরিক অসুস্থতা নিয়ে ভাস্কর জানিয়েছেন, “আমার আর্থ্রাইটিসের সমস্যা ছিল না। হঠাৎ করেই বাঁ পা আটকে যাচ্ছিল হাঁটার সময়ে। তার পরেই চিকিৎসকের কাছে যাই। সেখানেই জানতে পারি আমার অস্থিসন্ধি ক্ষয়ে গিয়েছে। তার পরেই চিকিৎসক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। খুব ভাল অস্ত্রোপচার হয়েছে।”

তবে এখনই হাঁটতে পারছেন না অভিনেতা। আগামী এক মাস বিশ্রামে থাকতে হবে। তবে ভাল করে ফিজ়িয়োথেরাপি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অভিনেতা জানিয়েছেন, হাঁটতে না পারলে তো অভিনয় করা সম্ভব নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। ভাস্কর যোগ করেন, “খুব ভাল চিকিৎসক পেয়েছি। এখন একটু ব্যথা রয়েছে। কিন্তু ভাল আছি।” কিছু দিন বিশ্রাম নেওয়ার পরেই আবার শুটিংয়ের ফ্লোরে ফিরতে চান প্রবীণ অভিনেতা।