ফের বড় দুঃসংবাদ! ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রয়াত সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা, সাতসকালেই অভিনেতার অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি

মহেশ পওয়ার

বিনোদন দুনিয়ায় একের পর এক দুঃসংবাদ। ভয়ঙ্কর দুর্ঘটনায় আচমকাই চলে গেলেন জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা। পর্দায় অভিনেতার সেই চেনা হাসিমুখটা যে এভাবে চিরতরে স্তব্ধ হয়ে যাবে, তা হয়ত কেউ কল্পনা করতে পারেনি। বয়সটা মাত্র পঁচিশ। জনপ্রিয়তার সিঁড়িতে সবেমাত্র উঠতে শুরু করেছেন তিনি। কিন্তু সেই উজ্জ্বল পথচলা এক মুহূর্তে থেমে গেল ভয়াবহ দুর্ঘটনায়।

মুম্বই থেকে মাত্র ১৮০ কিলোমিটার দূরে, পোলাদপুর-মহাবালেশ্বর রোডের অম্বেনালী ঘাটের এক গভীর গিরিখাদে গাড়ি ছিটকে পড়ে অকালে প্রাণ হারালেন জনপ্রিয় মরাঠি অভিনেতা মহেশ পওয়ার। ২৫ বছরের এক প্রতিভাবান অভিনেতার এমন নির্মম পরিণতি যেন বিনোদন জগতের সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত দুটো নাগাদ দাপোলির হর্নে থেকে একটি এসইউভি (SUV) গাড়িতে চেপে সাতারার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মহেশ ও তাঁর সাত বন্ধু। বয়স ১৯ থেকে ৩৫-এর মধ্যে। কিন্তু রাত পেরিয়ে দুপুর গড়ালেও যখন তাঁরা গন্তব্যে পৌঁছননি, তখন উদ্বেগ বাড়ে পরিবারের। শুরু হয় খোঁজখাঁজি। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পোলাদপুরের একটি মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তদন্তকারীরা পৌঁছন অম্বেনালী ঘাট এলাকায়।

সোমবার সকালে ঘাটের সেই বিপজ্জনক বাঁকে উঁকি দিতেই শিউরে ওঠেন উদ্ধারকারীরা। দেখা যায় প্রায় ১ হাজার থেকে দেড় হাজার ফুট গভীর খাদে পড়ে আছে দলা পাকানো গাড়িটি, কার্যত চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। প্রাথমিক অনুমান, পাহাড়ি ঘাটের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়েই এই ভয়াবহ বিপর্যয়।

মহেশ পওয়ার