
সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে অভিনেত্রী শতাব্দী রায়ের একটি পুরনো মন্তব্য। টলিউডের ক্ষমতা এবং কাস্টিং বিতর্ক নিয়ে তাকে মুখ খুলতে দেখা যায়। আর তার নিশানা ছিল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকে। প্রসেনজিৎ বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসেন অভিনেত্রী। সেই পুরনো সাক্ষাৎকার ফের টাইমলাইনে।
সাক্ষাৎকারটি বেশ কয়েক বছর আগের। ইন্ডাস্ট্রিতে দীর্ঘস্থায়ী আধিপত্য এবং কাস্টিং নিয়ন্ত্রণ প্রসঙ্গে একাধিক বার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছে। এমনকি তার বিরুদ্ধে শিল্পীদের কেরিয়ার নষ্টের অভিযোগও রয়েছে। সেই পুরনো সাক্ষাৎকারে একই সুর ওঠে শতাব্দী রায়ের গলায়।
কাস্টিং নিয়ন্ত্রণ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “বুম্বা নিজের মতো করে একটা কাজ করে গেছে, কিন্তু এটাও ঠিক যে ও অনেককে বাদ দিয়েছে।” সহ-অভিনেতাদের বঞ্চিত হওয়ার প্রসঙ্গে অভিনেত্রী আরও জানান, “নায়ক যখন হয়েছে, তখন নিজের পজিশন ধরে রাখার জন্য ও বাদ দিয়েছে বা কাউকে কাউকে নিয়েছে। এটা ও একা করেছে তা নয়, ওই সময় আরও অনেকে ছিল যারা এই রকম করত।”
অভিনেত্রী আরও বলেন, “অভিষেককে যে সরানো হতো বা বাদ দেওয়া হতো, সেটা তো অস্বীকার করা যাবে না। অভিষেকের জায়গা থেকে যদি বলা হয় যে বুম্বাদা আমাকে সরিয়ে দিয়েছে, তাহলে সেটা একেবারে মিথ্যা নয়।”
অতীতের তিক্ত অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী জানান, “আমার তো মনে হয় অভিষেককে যতটা না বাদ দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি আমাকে বাদ দেওয়া হয়েছে। অনেক ছবিতে বুম্বা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে কাজ করেছে।”
