
সঙ্গীতজগতে উজ্জ্বল নাম জয় সরকার এবং লোপামুদ্রা মিত্র। তাদের জুটি সঙ্গীত জগতে ভীষণ পপুলার। বহু বছর ধরে সুখের দাম্পত্য জীবনযাপন করছে। এবার দুজনে আরও এক অধ্যায়ে পা রাখতে চলেছে।
২০২৪ সালে শহর কলকাতার বুকে এক অন্য রকমের সুরেলা সফরের সূচনা করেছিলেন এই তারকা দম্পতি। “জয়-লোপা এক্সপ্রেস”, যা শ্রোতারা মন্ত্রমুগ্ধ করেছিল। দুই বছর পর আবারও সেই স্মৃতি ফিরিয়ে আনতে চলেছেন সুরকার জয় সরকার এবং গায়িকা লোপামুদ্রা মিত্র। আগামী ২৯ অগাস্ট, ২০২৬, কলকাতার ঐতিহ্যবাহী জি.ডি. বিড়লা সভাঘর-এ সন্ধ্যা ৬:৩০টা থেকে এই বিশেষ সঙ্গীত সন্ধ্যার আসর বসতে চলেছে। এক ভিন্ন ধারার সঙ্গীত উপস্থাপনার নাম বোরোলীন নিবেদিত ‘জয়-লোপা এক্সপ্রেস: অন্য গানের গাড়ি’
গানের মোড়ে মোড়ে নানা স্মৃতি ও আবেগের স্টেশন ছুঁয়ে এগিয়ে চলবে এই এক্সপ্রেস। এই অনুষ্ঠান নিয়ে শ্রোতাদের মধ্যে চরম উন্মাদনা সৃষ্টি হয়েছে। প্রথম সিজন সাফল্য পাওয়ার পর দুই বছর বিরতি ছিল। ফের আবারও সিজন টু নিয়ে ফিরতে চলেছে জয়-লোপা এক্সপ্রেস। জয় সরকার তাঁর নিজস্ব সুরের সৃষ্টি বা কম্পোজিশন শোনাবেন, আর লোপামুদ্রা মিত্র গাইবেন জয়ের সুর করা জনপ্রিয় সব গান। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেশ কিছু অতিথি।
এক সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র জানান— “জয়-লোপা এই জুটির ঊনত্রিশ বছর পা দিল। সেদিক থেকে আমাদের এক্সপ্রেস বহুদিন ধরেই চলছে, কিন্তু সেটা নিয়মিত হয়ে ওঠেনা। জয় আগে গিটারিস্ট হিসেবে আমার গানে বাজাতো, অনেক দিন হলো ওঁর ব্যস্ততা ও সুরকার হয়ে ওঠা—আমাদের একসঙ্গে আর গান-বাজনা হয়ে ওঠেনা। দুজনের রাস্তা দুজনের মতো চলতে থাকল। কিন্তু আমাদের মধ্যে একটা সঙ্গীতের সেতু বরাবর রয়ে গেছে। আমরা খুব ভালো বন্ধুও। আমিও একার অনুষ্ঠান করে আসছি, জয় স্টেজ শো তেমন করেননা। সেখান থেকেই এই ভাবনা। এখানে জয়ও ওঁর কম্পোজিশন শোনাবেন, আমিও ওঁর সুরের গান গাইবো, থাকবেন বেশ কিছু অতিথি যন্ত্রীরা। সব মিলিয়ে এই এক্সপ্রেস জয়-লোপা দুটো ইন্জিন নিয়ে ছুটে চলবে।”
জয় সরকার এই প্রসঙ্গে জানান, “আসলে লোপামুদ্রা মিত্রের হাত ধরেই আমার সুরকার হিসেবে আত্মপ্রকাশ। সেদিক থেকে দেখতে গেলে আমার সুরকার জীবনের পঁচিশ বছর পার। অনেক বছর এক সাথে মঞ্চে লোপাকে গিটারে সঙ্গত করেছি। সেটা তো এখন আর হয়না। সেই মুহূর্তগুলো মিস করি। তাই, আমাদের এই অন্য ভাবনা ‘জয়-লোপা এক্সপ্রেস’।”
সুত্রঃ zeenews . india . com
