মায়ের মৃত্যুর ৫ বছর পুর্ণ! মায়ের মৃত্যুবার্ষিকীতে এবার বড় উদ্যোগ নিলেন অরিজিৎ

অরিজিৎ সিং

২০২১ সালের কোভিডের সেই ভয়াবহ সময়ে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন অরিজিৎ সিংহের মা অদিতি সিংহ। মায়ের চলে গিয়েছে পাঁচ বছর হয়ে গিয়েছে। তবে আজও মায়ের স্মৃতি আঁকড়ে রয়েছেন অরিজিৎ সিং। বলিউডের এক নম্বর প্লেব্যাক সিঙ্গার হওয়া সত্ত্বেও প্রচারের আলো থেকে দূরে থাকাই অরিজিতের স্বভাব। তাই এবার মায়ের মৃত্যুবার্ষিকীতে অরিজিৎ নিলেন বড় পদক্ষেপ।

একটা সময়ে মায়ের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজনে সোশ্যালে হন্যে হয়ে ঘুরেছিলেন গায়ক। মা রক্ত পেয়েছিলেন ঠিকই, কিন্তু শেষরক্ষা হয়নি। তাই মায়ের চলে যাওয়ার সেই বিশেষ দিনে কোনো জাঁকজমক বা ধর্মীয় আচার নয়, বরং মানুষের জীবন বাঁচানোর তাগিদে জিয়াগঞ্জে এক রক্তদান শিবিরের আয়োজন করল গায়কের পরিবার।

মায়ের স্মৃতিতে আয়োজিত এই রক্তদান শিবিরেও কোনও রকম বাড়তি আড়ম্বর রাখা হয়নি, অত্যন্ত সাধারণভাবেই সম্পন্ন হয়েছে পুরো প্রক্রিয়া। গ্রীষ্মের এই চড়া গরমে যখন রাজ্যজুড়ে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের চরম সঙ্কট দেখা দেয়, ঠিক সেই সময়ে অরিজিতের এই মহান উদ্যোগ বহু রোগীর প্রাণ বাঁচাবে বলে মনে করছেন স্বাস্থ্যকর্মীরা। মায়ের মৃত্যুবার্ষিকীতে অরিজিতের এই নিঃশব্দ উদ্যোগ এবং রক্তদানের মতো মহৎ কাজের প্রশংসায় পঞ্চমুখ গোটা নেটপাড়া।