প্রথমবার জলসার পর্দায় আদৃত রায়! আসছে নতুন ধারাবাহিক ‘কুমকুম’, নায়িকা কে?

আদৃত রায়

মিত্তির বাড়ি ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই ছোটপর্দায় আদৃত রায়কে দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন অনুরাগীরা। অবশেষে নিজের জন্মদিনের দিনই টলিপাড়ায় সিলমোহর পড়ল তাঁর নতুন কাজের খবরে। স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘কুমকুম’-এর হাত ধরে ফের একবার টিআরপি তালিকায় ঝড় তুলতে আসছেন আদৃত। আর এই বিশেষ দিনে নতুন ধারাবাহিক নিয়ে নিজের উত্তেজনা চেপে রাখতে পারলেন না অভিনেতা।

কেরিয়ারের শুরু থেকেই জি বাংলার ঘরের ছেলে হয়ে উঠেছিলেন আদৃত। শুরুটা হয়েছিল ‘মিঠাই’ দিয়ে, সিদ্ধার্থ মোদক চরিত্র তো টেলিভিশনের পর্দায় ইতিহাস তৈরি করেছিল। তবে এবার আর পুরনো চ্যানেল নয়, কেরিয়ারে এই প্রথমবার প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসার পর্দায় পা রাখছেন তিনি।

নতুন কাজের প্রসঙ্গে আদৃত জানান, ‘হ্যাঁ, জলসায় প্রথমবার আসছি। নতুন একটা টিম, নতুন গল্প। আগামিকাল (বুধবার) কুমকুমের প্রোমো আসবে। এতদিন ধরে দর্শকেরা যেভাবে আমাকে ভালোবেসে এসেছেন, এবারও তার ব্যতিক্রম হবে না।’

টেলিপাড়ার অন্দরের খবর, এই ‘কুমকুম’ ধারাবাহিকটি বাংলা টকিজের ব্যানারে আসছে। আদৃতের বিপরীতে থাকছে নবাগতা নায়িকা অনুষ্কা। সঙ্গে থাকবেন ‘বাবুউ-র মা’ অরিজিতা মুখোপাধ্য়ায়। এবার জি-বাংলার ঘর ছেড়ে জলসার পর্দায় এসে আদৃতের এই নতুন ধারাবাহিক কতটা চমক আনতে পারে সেটাই দেখার।