
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী স্বর্ণকমল দত্ত। সম্প্রতি শুধু তোমারই জন্য, চিরসখা, ভোলে বাবা পার করেগা’র মত জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পর্দায় হাসিমুখে ধরা দিলেও বাস্তবে মানসিক যন্ত্রনার সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। ব্যক্তিগত জীবনের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
সাক্ষাতকারে স্বর্ণকমল জানান, ‘গত দেড় বছর ধরে অবসাদে ভুগছি। একটা সময় কাজের প্রচুর অফার পেলেও সব ছেড়েছিলাম মন দিয়ে সংসার করব বলে। আমার তরফ থেকে চেষ্টা কম ছিল না। কিন্তু সংসার করা আমার আর হল না। বিচ্ছেদ না হলেও স্বামীর সঙ্গে থাকি না।’
“পুরনো দিনগুলো মনে পড়লে খুব কষ্ট হয়। ভিতরে ভিতরে একা হয়ে যাই। যদিও সারা ক্ষণ মেয়ে আমায় আগলে রাখে। ওর জন্যই আমি বেঁচে আছি। একা হাতে মেয়েকে মানুষ করা সহজ ছিল না। এই ব্যাপারে বাবা আর ভাই আমার সহায়। ওঁরা সারা ক্ষণ আগলে রাখেন। আর্থিক, সাংসারিক যে কোনও সমস্যায় ওঁরাই আমার পাশে। নইলে মেয়েকে বড় করে তুলতে পারতাম না। কারণ, আমাদের বিনোদনদুনিয়ায় কোনও আর্থিক নিরাপত্তা নেই।’ বেশ কিছু দিন আগেই ভয়ঙ্কর চোট পেয়েছেন অভিনেত্রী। ১৮টা সেলাই পড়েছে হাতে। কোমরে আর পায়েও খুবই ব্যথা পেয়েছেন।
মনখারাপে, বিষণ্ণতায়, একাকিত্বে একমাত্র সঙ্গী স্বর্ণকমলের মেয়ে। তবুও দিনের শেষে একরাশ একাকিত্ব ঘিরে ধরে অভিনেত্রীকে। মানুষের প্রতি বিশ্বাসও হারিয়েছেন তিনি। একা ঘরে বসে ভাবেন, মেয়ে বড় হয়ে গেলে তার নিজের জগৎ হবে। তখন কাকে আঁকড়ে বাঁচবেন?
