
বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ অভিনেত্রী অর্পিতা মুখার্জি। সম্প্রতি এক সাক্ষাত কারে নিজের শৈশব ও মায়ের অদম্য সংগ্রামের কথা তুলে ধরলেন অভিনেত্রী। যা শুনে অবাক হয়েছেন অনেকেই। সেনাবাহিনীতে কর্মরত স্বামীর অনুপস্থিতিতে একা হাতে দুই মেয়েকে মানুষ করা মোটেও সহজ ছিল না। সমাজ থেকে নানা কটূক্তি ও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রী অর্পিতা মুখার্জির মাকে।
অর্পিতা জানান, “আমাদের প্যারেন্টস মিটিংয়ে মাকে একা যেতে হতো। বলে মাকে শুনতে হয়েছে যে বর ছেড়ে দিয়েছে, ডি’ভোর্স দিয়েছে, দুটো মেয়ে হয়েছে বলে… দিনের পর দিন এগুলো নিয়ে অনেক শুনতে হয়েছে।” স্বামীর থেকে আর্থিক সাহায্য পেলেও সমাজের এই মানসিক নির্যাতন ও মেয়েদের বড় করার কঠিন লড়াই একা হাতেই সামলেছেন তাঁর মা।
উত্তরপাড়া থেকে কলকাতা—মেয়েদের পড়াশোনা চালোনো ও তাঁদের স্বাবলম্বী করে তোলার পেছনে মায়ের চরম আত্মত্যাগই আজ অর্পিতার সাফল্যের অন্যতম কারণ। অর্পিতার মা বলেন, “আমি খুব কষ্ট করেছি জীবনে ওদের মানুষ করেছি… আমার ইচ্ছে ছিল আমি যেটা পারিনি আমার মেয়েদের সেভাবে তৈরি করব।”
মায়ের অসমাপ্ত স্বপ্ন ও ইচ্ছেগুলোকে নিজের জীবনে পূর্ণ করেছেন অর্পিতা। ছোটবেলা থেকেই নাচের প্রতি অগাধ টান ও ২০ বছর ধরে অভিনয় ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রাখার এই পথচলা অর্পিতা তাঁর মায়ের থেকে পাওয়া শিক্ষার ফসল বলেই মনে করেন।
আজ অর্পিতা কেবল একজন সফল অভিনেত্রী বা নৃত্যশিল্পী নন, বরং মায়ের আশীর্বাদে সংসার ও ক্যারিয়ার দুই সমান তালে সামলাচ্ছেন অর্পিতা।
