
হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। জরুরি পরিস্থিতিতে করতে হয়েছে অস্ত্রোপচার। কী হয়েছে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির বাবার? দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য স্মরণীয় ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। অভিনেতা, প্রযোজক এবং পরিচালক হিসেবে তাঁর অবদান আজও সমানভাবে প্রশংসিত। বয়সের এই পর্যায়েও তিনি নতুন কাজ নিয়ে সক্রিয় রয়েছেন। তবে আচমকাই ঘটে গেল অঘটন।
জানা গিয়েছে, মুম্বইয়ের একটি প্রথম সারির হাসপাতালে বাঁ চোখের ছানির অস্ত্রোপচার করা হয়েছে। মঙ্গলবার অস্ত্রো-প-চা-রের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তখনই তিনি জানান, চোখের সমস্যার জন্য এই অস্ত্রোপচার জরুরি হয়ে পড়েছিল। বুধবার খবর মেলে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। তবে চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী আগামী ১৫ দিন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই সময়ের মধ্যে বাইরে যাওয়া বা কোনও ধরনের কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আপাতত তাঁকে ঘরেই থাকতে হবে বলে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
শারীরিক কারণে আপাতত নতুন ছবির কাজেও বিরতি নিতে হচ্ছে তাঁকে। দীর্ঘদিন ধরে যে কাজ নিয়ে তিনি ব্যস্ত ছিলেন, তা সাময়িকভাবে থেমে যাওয়ায় কিছুটা আক্ষেপও প্রকাশ করেছেন অভিনেতা। যদিও চিকিৎসকদের পরামর্শ মেনেই আপাতত নিজের সুস্থতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
১২ জুলাই বাংলার প্রবীণ অভিনেতাদের সংবর্ধনা দিতে চলেছে বঙ্গ বিজেপি। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। এই অনুষ্ঠানে যোগদানের জন্য তাঁর কলকাতার আসার কথাও ছিল। কিন্তু অস্ত্রোপচারের কারণে তিনি আসতে পারবেন না বলে জানা গিয়েছে।
