
তিন মাস আগে শেষ বারের মতো সম্প্রচারিত হয়েছিল ‘আমাদের দাদামণি’। সেই ধারাবাহিক টিআরপি প্রতিযোগিতায় আশানুরূপ ফল করেনি। ৯ মাসের মাথায়ই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেন চ্যানেল কর্তৃপক্ষ। তারমধ্যেই বড় সুখবর। পর্দায় আসছে প্রতীক সেনের নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই নতুন ধারাবাহিতকের জন্য প্রযোজনা সংস্থার সঙ্গে নায়কের চুক্তিও হয়ে গিয়েছে।
তবে নায়িকা কে তা নিয়ে চলছে জল্পনা। অভিনয় জীবনের শুরু থেকেই স্টার জলসাতেই বেশিরভাগ কাজ করেছেন প্রতীক। আবার ফিরছেন সেই চেনা চ্যানেলেই। প্রতীককে নিয়ে স্টার জলসায় আসছে অর্গানিক স্টুডিওর ব্যানারে একটি ধারাবাহিক। শীঘ্রই নাকি ‘লুকসেট’ হবে ধারাবাহিকের।
শোনা যাচ্ছে, এ বার প্রতীকের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে। তাঁকে অনেক দিন ছোটপর্দায় দেখেনি অনুরাগীরা। ‘মেয়েবেলা’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকের নজর কাড়েন অভিনেত্রী।
স্বীকৃতি ছোটপর্দায় সেভাবে কাজ না করলেও ওটিটি ও বড়পর্দায় এতদিন চুটিয়ে কাজ করেছেন। নিজস্ব প্রযোজনাতেও সিরিজ এনেছেন তিনি। প্রতীকের সঙ্গে এর আগে তাঁকে কখনও দেখা যায়নি। তবে দু’জনের জনপ্রিয়তাই তুঙ্গে। তাই দর্শকের কাছে তাঁদের জুটি কতটা মন কাড়তে পারে এখন সেটাই দেখার। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়িই ধারাবাহিকের প্রথম প্রোমোর শুটিং হয়ে যাবে।
