
বিনোদন দুনিয়ায় একের পর এক মৃত্যু সংবাদ। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী। জন্মদিনের ঠিক একদিন পরেই অভিনেত্রীর আচমকাই চলে যাওয়া যে মেনে নিতে পারছেন না তার পরিবার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। যিনি ১৯৫৪ সালে অ্যালান ল্যাডের সঙ্গে মধ্যযুগীয় অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র ‘দ্য ব্ল্যাক নাইট’ -এ অভিনয় করে সাড়া ফেলেছিলেন দর্শকমহলে।
প্রয়াত হলেন ব্রিটিশ অভিনেত্রী জিন লজ। অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন দুনিয়ায়। ১৯৪৮ সালে চিত্রনাট্যকার আলফ্রেড শগনেসির সঙ্গে বিয়ে হয় জিন লজের। তাদের দুই ছেলে চার্লস শগনেসি ও ডেভিড শগনেসি।
১৯২৭ সালের ৪ অগাস্ট ইংল্যান্ডের ইয়র্কশায়ারের হাল শহরে জন্মগ্রহণ করেছিলেন জিন মার্গারেট লজ। দীর্ঘ অভিনয়জীবনের পর ৯৯ বছর বয়সে প্রয়াত হলেন এই ব্রিটিশ অভিনেত্রী। মঞ্চ দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন তিনি। উইন্ডসর রেপার্টরি কোম্পানিতে কাজ করার পর ১৯৪৯ সালে ‘ডিক বার্টন স্ট্রাইকস ব্যাক’ এবং ‘ডক্টর মোরেল: দ্য কেস অফ দ্য মিসিং হেইরেস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘হোয়াইট করিডোরস’ , ‘ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট’,‘অ্যাক্সিডেন্টাল ডেথ’, ‘দ্য আইজ অফ অ্যানি জোন্স’ এবং ‘ইনভেশন’।

