
টলিউডের জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় ও স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সুখের সংসারকে আরও বেশি মজবুত করে তুলেছে তাঁদের দুই ছেলে— বড় ছেলে আকাশ এবং ছোট ছেলে আদিদেব। আকাশ যদিও সুদীপার নিজের সন্তান নয়, অগ্নিদেবের আগের পক্ষের সন্তান হলেন আকাশ।
যদিও তা নিয়ে কম কটাক্ষ সহ্য করতে হয়নি সুদীপাকে। সৎ ছেলে আকাশের সঙ্গে সুদীপার সম্পর্ক নিয়েও কৌতূহল থেমে থাকেনি সাধারণের। সম্প্রতি ৮ই জুন ছিল অগ্নিদেবের বড় ছেলে আকাশের জন্মদিন। আর এই বিশেষ দিনে সৎ ছেলের উদ্দেশ্যে সুদীপার মন্তব্যে চমকে উঠল নেটপাড়া। বিয়ের পর প্রথম দিনেই আকাশকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সুদীপা যে তিনি তার মা হতে পারবেন না।
আজ মা-ছেলের মধ্যে যতই মধুর সম্পর্ক থাকুক না কেন, শুরুর দিনগুলো কিন্তু বেশ কঠিন ছিল। অগ্নিদেবের প্রথম স্ত্রী দেবযানীর সঙ্গে ডিভোর্সের পর আকাশ বাবার সঙ্গেই থাকত। আকাশ যখন বোর্ডিং স্কুলে পড়াশোনা করছে, ঠিক তখনই অগ্নিদেবের জীবনে সুদীপার আগমন ঘটে। স্বাভাবিকভাবেই, একজন সন্তান হিসেবে বাবার জীবনে অন্য কোনো মহিলাকে সহজে মেনে নিতে পারেনি ছোট আকাশ।
তবে অতীতের সমস্ত অভিমান আর দূরত্বকে দূরে সরিয়ে দিয়ে বর্তমানে সৎ ছেলের সঙ্গে দারুণ বন্ডিং সুদীপার। আকাশের প্রতি সুদীপার ভালোবাসায় এতটুকুও ফাঁকফোকর নেই। সমাজের দৃষ্টিভঙ্গিতে একজন সৎ মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের বাঁধন কোনও দিনও ভালো হতে পারে না। সেই ধারনাকে বুড়ো আঙুল দেখিয়ে বাস্তবে মা হয়ে নয়, বরং আকাশের সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছেন সুদীপা। ছোট ছেলে আদিদেবের কাছে তার বড় দাদা আকাশই হলো সব। তাঁদের দুই ভাইয়ের সম্পর্কও দারুণ মিষ্টি।
বড় ছেলের জন্মদিনে সুদীপা লিখেছেন, ‘শুভ জন্মদিন, টিনটিন (আকাশের ডাকনাম)। সবসময় আমার শক্তি, আমার গাইডবুক এবং অবশ্যই (মাঝে মাঝে) একজন অভিভাবক হিসেবে পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। মা দুর্গা তোমাকে সেরা আশীর্বাদে ভরিয়ে দিন।’
