
সৃজলা গুহ এবং নন্দিনীকে ঘিরে ‘বিগ বস বাংলা’-এর ঘরে বিতর্ক যেন থামছেই না। বেশ কিছুদিন আগে বিগ বসের একটি গেমে ঘোড়ার ওপর থেকে সৃজলাকে ফেলে দিয়েছিলেন নন্দিনী। যার ফলে একপ্রকার মাটিতে আছড়ে পড়েন সৃজলা। এরপর প্রায় ৫ দিন হাসপাতালে তাঁর চিকিৎসাও চলে। সেই ঘটনা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়।
সেই সময়ে সৃজলা জানিয়েছিলেন তাঁর জরায়ুতে চোট লেগেছে। ঘটনার পরে নন্দিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। সৃজলা ফিরে আসার পরে যদিও তাঁর কাছে ক্ষমা চান নন্দিনী। তবে এক ঘরে থাকলেও মন থেকে নন্দিনীকে মেনে নিতে পারেননি তিনি।
সম্প্রতি টাস্ক চলাকালীন তনুশ্রী একটি অভিযোগ লেখেন সৃজলার উদ্দেশে। তিনি জানান, নন্দিনী নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তিনি অনুতপ্ত। তাই সৃজলার উচিত এবার তাঁকে ক্ষমা করে দেওয়া। কিন্তু এই কথা শুনে সৃজলা স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি কোনওদিন নন্দিনীকে ক্ষমা করতে পারবেন না। নিজের ক্ষোভ উগরে দিয়ে সৃজলা বলেন, “আমার যে চোট লেগেছে, সেটা একটা ব্লান্ট ফোর্স ইনজুরি। আর সেই কারণেই আমি মা নাও হতে পারতাম। এই একটা ঘটনার জন্য আমি বাড়ি ফিরে যেতে পারতাম। নিজের সাহসে, মনোবলে ফিরেছি।’ সৃজলার এই দাবি সামনে আসার পর, ফের ঝড় উঠেছে সোশ্য়াল মিডিয়াতে। তবে সৃজলার এই ভাবনার সঙ্গে সহমত নন তনুশ্রী।
