
কিছুদিন আগেই নিজের শারীরিক অসুস্থতার কথা সমাজমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। স্লিপ ডিস্কের সমস্যায় ভুগছেন তিনি। কোমরের অসহ্য যন্ত্রণার কারণে বন্ধ রাখতে হয়েছিল নিজের নাচের ক্লাসও। যদিও পরবর্তীতে বাবা-মায়ের সঙ্গে পুরুলিয়া ঘুরতে যান অভিনেত্রী। তাঁকে দেখে অনেকেরই মনে হয়েছিল, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। কিন্তু এবার নিজের অসুস্থতা নিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভুয়ো খবর দেখে রীতিমতো ক্ষুব্ধ আয়েশা।
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানান, বেশ কয়েকটি পেজে তাঁকে নিয়ে অত্যন্ত বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। কোথাও দাবি করা হচ্ছে, তিনি নাকি ভয়ংকর কোনও রোগে আক্রান্ত। এমনকি আট বছর ধরে অসহ্য যন্ত্রণার সঙ্গে লড়াই করছেন এবং বিষ খেয়ে আত্মহত্যার কথাও ভাবছেন বলে প্রচার করা হচ্ছে। এই ধরনের ভিত্তিহীন খবর দেখে স্বাভাবিকভাবেই বিরক্ত অভিনেত্রী।
নিজেকে নিয়ে ছড়িয়ে পড়া এমন একাধিক পোস্টের স্ক্রিনশটও নিজের ওয়ালে ভাগ করে নিয়েছেন আয়েশা। তাঁর কথায়, এই সমস্ত ভুয়ো খবরের কারণে সবচেয়ে বেশি মানসিক আঘাত পেয়েছেন তাঁর বাবা-মা। আত্মীয়স্বজন থেকে শুরু করে পরিচিতরা বারবার ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। অথচ অভিনেত্রীর বক্তব্য, চোট পাওয়া আর কোনও অসুখে আক্রান্ত হওয়া এক বিষয় নয়। ছোটবেলায় নাচ করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই কারণেই মাঝেমধ্যে কোমরের সমস্যা দেখা দেয়। কিন্তু এর সঙ্গে কোনও ভয়ংকর রোগের সম্পর্ক নেই।
ভিডিওর শেষেও সকলের কাছে হাতজোড় করে অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, তাঁকে নিয়ে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর খবর যেন আর কেউ না ছড়ান। ইতিমধ্যে যাঁরা এই ধরনের পোস্ট করেছেন, তাঁদের সেগুলি মুছে ফেলার অনুরোধও জানিয়েছেন তিনি। পাশাপাশি সতর্ক করে আয়েশা জানিয়েছেন, এই ভিডিও দেখার পরেও যদি কেউ তাঁকে নিয়ে এমন ভিত্তিহীন খবর ছড়াতে থাকেন, তাহলে বাধ্য হয়ে আইনি পদক্ষেপ করবেন তিনি।
