
সঙ্গীত জগতে একের পর এক খারাপ খবর। ভয়ঙ্কর অসুখে জনপ্রিয় গায়ক সোনু নিগম। গত কয়েক দিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছেন গায়ক। দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে গায়ক বলেছিলেন, তাঁর ‘নার্ভে চাপ পড়েছে’ এবং প্রায় এক সপ্তাহ ধরে তাঁর এমআরআই ও সিটি স্ক্যান করা হচ্ছে। পাশাপাশি তাঁকে বেশ কিছু ওষুধও খেতে হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। তাঁর ঘাড়ের কাছে একটি প্যাচ বা পট্টিও দেখা গিয়েছিল সেই ভিডিয়োতে।
সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে সোনু নিগমের। তবে অপারেশন থিয়েটারে গায়ককে দেখেই চমকে উঠলেন ডাক্তার ও মেডিকেল টিম সহ সমস্ত অনুরাগীদের। অস্ত্রোপচার চলাকালীন অপারেশন টেবিলে শুয়েই কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফির জনপ্রিয় গান গেয়ে শোনালেন তিনি। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়েছে।
অপারেশন টেবিলে শুয়ে সোনু নিগম গাইছেন ১৯৪৯ সালের ছবি ‘দুলারি’র জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি, না জানে তুম কব আওগে’। ব্যথা ও অস্ত্রোপচারের পরিস্থিতির মধ্যেও তাঁর কণ্ঠে ধরা পড়েছে গানের আবেগ।
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই তা নজর কেড়েছে নেটিজেনদের। সোনু নিগমের এই সাহসী এবং অনন্য মুহূর্ত দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। সঙ্গীত ও চলচ্চিত্র জগতের সহকর্মীরাও তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। অস্ত্রোপচারের কারণ অবশ্য এখনও প্রকাশ করেননি গায়ক। ফলে ঠিক কী সমস্যার জন্য তাঁকে অপারেশন থিয়েটারে যেতে হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
