
এই মুহুর্তে দিদি দেবাদৃতা বসু ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ নায়িকা। অন্যদিকে সেই ধারা বজায় রেখে নতুন ধারাবাহিক ‘দুলারি’র নায়িকা হচ্ছেন বোন দেবপ্রিয়া বসু। একসময় ‘অনুরাগের ছোঁয়া’য় রুপা চরিত্রে দর্শকের ব্যাপক ভালবাসা পেয়েছেন দেবপ্রিয়া। আজ পার্শ্বচরিত্র থেকে সোজা নায়িকা।
দেবপ্রিয়া জানালেন, দুলারির সঙ্গে নাকি তার বেশ মিল। দেবপ্রিয়া বলেন, ‘দুলারির মতো আমিও কোনও কাজ শুরু করার আগে মন শক্ত করি এই ভেবে, কাজটা ঠিক পারব।’ এক্ষেত্রে দিদি কি বোনকে পরামর্শ দিচ্ছেন? দেবপ্রিয়ার কথায়, ‘একা দিদি নয়, বাবার সঙ্গেও আলোচনা করে নিচ্ছি। সকলের সঙ্গে আলোচনা করে তার পর নিজের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করব।’
দিদি দেবাদৃতা এর আগেও একাধিক ধারাবাহিকের নায়িকা হিসেবে কাজ করেছেন। তাই দিদির জোরে বোন নায়িকা, এ রকম আলোচনা আগামী দিনে হয়তো তাঁকে শুনতে হতে পারে দেবপ্রিয়াকেও। একই সঙ্গে তুল্যমূল্য বিচার হবে দেবাদৃতা-দেবপ্রিয়ার মধ্যে। সে সব সামলাতে মানসিক দিক থেকেও কি প্রস্তুত নতুন দেবপ্রিয়া?
দেবপ্রিয়া বলেন, ‘দিদির জোরে আমি নায়িকা— এ রকম কোনও কথা এখনও শুনিনি। তবে এ ধরনের আলোচনা হলে খুবই আঘাত পাব। কারণ, অডিশন দিয়ে ‘দুলারি’ চরিত্রটি পেয়েছি।’ বিষয়টি নিয়ে এখনই মাথা ঘামাচ্ছেন না দেবপ্রিয়া। পাল্টা জানিয়েছেন, বাইরে যা খুশি আলোচনা হোক। বাড়িতে তো তারা ‘দিদি-বোন’। সেখানে কোনও রকম প্রতিযোগিতা নেই।
